গ্রেপ্তার-আতঙ্কে খালেদার কার্যালয়ে যাচ্ছেন না নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া
খালেদা জিয়া

গ্রেপ্তারের আশঙ্কায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ভিড়ছেন না দলীয় নেতারা। একই অবস্থা দলটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কার্যালয়েও। খালেদা জিয়া প্রায় এক মাস ধরে গুলশান কার্যালয়ে অবস্থান করছেন।

গত শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটায় প্রথমে খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ-সংযোগ কেটে দেওয়া হয়। এর পরদিন দুপুরে ডিশ, টেলিফোন ও ইন্টারনেট-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। খালেদার প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেছেন, টানা ১৯ ঘণ্টা কার্যালয়ের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন থাকার পর শনিবার রাত ১০টার দিকে তা চালু করা হয়। কিন্তু অন্যান্য সংযোগ গতকাল রাত পর্যন্ত স্থাপন করা হয়নি।
দলের শীর্ষ নেতা খালেদা জিয়ার এই দুঃসময়ে তাঁর কাছে দলের নেতা-কর্মীদের না যাওয়ার বিষয়টি নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। এমনকি খালেদা জিয়ার নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক দলের কোনো পর্যায়ের নেতারাও সেখানে যাননি। তবে মহিলা দলের কেন্দ্রীয় ও মহানগরের কয়েকজন নেতা গত দুই দিনে কার্যালয়ের সামনে গিয়েছিলেন। ফোনে আলাপকালে দলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা বলেছেন, গ্রেপ্তার এড়াতে তাঁরা খালেদা জিয়ার কার্যালয়ের সামনে যাচ্ছেন না।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী (ফালু) গতকাল খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বের হওয়ার সময় আটক হন। রাতে পৌনে আটটার দিকে পুলিশ তাঁকে গুলশান কার্যালয়ের সামনে থেকে আটক করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যায়। গত শনিবার সেখানে যাওয়া মহিলা দলের অন্তত ১৩ নেত্রীকে আটক করে পুলিশ। অবশ্য পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর তাঁর বাসা থেকে আটক হন। এ ছাড়া কার্যালয় থেকে বের হওয়ার পর হামলার শিকার হন উপদেষ্টা রিয়াজ রহমান। আরেক উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদের গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

টানা অবরোধ কর্মসূচি ঘোষণার পর বিএনপির বেশির ভাগ নেতাই আত্মগোপনে চলে গেছেন। আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিমান্ডে আছেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফোনে আলাপকালে কয়েকজন নেতা প্রথম আলোকে বলেন, এ মুহূর্তে কার্যালয়ের সামনে যাওয়ার অর্থ হচ্ছে স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দেওয়া। কোনো কোনো নেতা বলেন, গ্রেপ্তার এড়াতে স্থান পরিবর্তন করছেন তাঁরা। নিজের মোবাইল ফোন পর্যন্ত কাছে রাখছেন না।

বিএনপির চেয়ারপারসনের একজন উপদেষ্টা প্রথম আলোকে বলেন, দলের দায়িত্বশীল প্রায় সব নেতার নামেই মামলা রয়েছে। এ অবস্থায় কার্যালয়ের সামনে যাওয়া মানে নিশ্চিত গ্রেপ্তার। এ কারণে কেউ কার্যালয়ে যাননি। তিনি মনে করেন, সারা দেশে মাঠপর্যায়ে আন্দোলন শুরু হয়ে গেছে। এখন আর কেন্দ্র থেকে কোনো নির্দেশনা দেওয়ার দরকার হচ্ছে না। জেলা নেতারাই কর্মসূচি ঠিক করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাই কার্যালয়ে গিয়ে গ্রেপ্তার হওয়া মানে শক্তিক্ষয় ছাড়া আর কিছু নয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশ যাকে পাচ্ছে তাকেই গ্রেপ্তার করছে। এ জন্য হয়তো নেতারা যাচ্ছেন না। তবে নিজ নিজ অবস্থানে থেকে নেতারা আন্দোলনে ভূমিকা রাখছেন।
স্থায়ী কমিটির আরেক সদস্য মওদুদ আহমদ বললেন, লুকিয়ে থাকছেন তা নয়, তাঁরা আন্দোলনে আছেন। চেয়ারপারসনের নির্দেশ অনুযায়ী সবকিছু চলছে।
মোসাদ্দেক আলী আটক: মোসাদ্দেক আলী গতকাল বিএনপির চেয়ারপারসনের সঙ্গে প্রায় আধা ঘণ্টা কথা বলেন। রাত পৌনে আটটার দিকে কার্যালয় থেকে বের হওয়ার পরপরই আটক করে পুলিশ।
গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সূত্র জানিয়েছে, আটকের পর তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের দুই আমলে কোনো মামলা হয়নি, আটকও হননি। তত্ত্বাবধায়ক সরকারের সময় তাঁর বিরুদ্ধে আটটি মামলা হয়। সে সময় ২০০৭ সালে ৪ ফেব্রুয়ারি ঢাকার সিএমএম কোর্টে আত্মসমর্পণের পর তাঁকে কারাগারে পাঠানো হয়। পরের বছর ২২ ডিসেম্বর তিনি জামিনে মুক্তি পান। সে সময় ত্রাণের টিন আত্মসাৎ মামলায় তাঁর পাঁচ বছরের সাজা হয়েছিল।