গ্রেপ্তার ও গুম আতঙ্কে কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলার জ্যেষ্ঠ নেতারা আত্মগোপনে। একই কারণে মাঠছাড়া তৃণমূলের নেতা-কর্মীরাও। এ ছাড়া পুরোনো অভ্যন্তরীণ কোন্দল তো রয়েছেই।
অবশ্য দলের দায়িত্বশীল একাধিক নেতার দাবি, এখন তাঁরা মূলত মামলা নিয়ে ‘দৌড়ের ওপর’ আছেন। কেউ কেউ গুম আতঙ্কেও রয়েছেন। গ্রেপ্তার এড়াতে দুই জেলা কমিটির সাধারণ সম্পাদকসহ নেতাদের অনেকে আত্মগোপনে থাকায় দলকে সংগঠিত করা যাচ্ছে না।
দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী প্রথম আলোর কাছে দাবি করেন, কেবল দক্ষিণেই অন্তত আড়াই হাজার নেতা-কর্মী বিভিন্ন মামলার আসামি। তিনি বলেন, ‘গ্রেপ্তার, গুম ও হত্যার রাজনীতির কারণে দলের সাংগঠনিক গতি শ্লথ হয়ে গেছে।’
২০০৯ সালের নভেম্বরে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে বেগম রাবেয়া চৌধুরীকে সভাপতি, আমিন উর রশিদ ইয়াছিনকে সাধারণ সম্পাদক ও মোস্তাক মিয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়। শীর্ষ তিনটি পদে কুমিল্লা সিটি করপোরেশনের বর্তমান মেয়র মো. মনিরুল হক (সাক্কু) বা তাঁর অনুসারীদের কেউ স্থান না পাওয়ায় দলটি তখন দুটি ধারায় বিভক্ত হয়ে পড়ে। অবশ্য পরে ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে মনিরুল হক ও তাঁর কয়েকজন অনুসারী স্থান পান। মনিরুল হককে করা হয় যুগ্ম সাধারণ সম্পাদক।
দলীয় সূত্রগুলো জানায়, দক্ষিণ জেলা বিএনপির দুটি ধারার একটির নেতৃত্বে রয়েছেন সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন, আরেকটির নেতৃত্বে মনিরুল হক। উভয় নেতার কোন্দল চলাকালেই ২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন হয়। আমিন উর রশিদ ইয়াছিনের নেতৃত্বাধীন অংশ নির্বাচন বর্জন করে। মনিরুল নির্বাচনে জেতায় তাঁর নেতৃত্বাধীন অংশ আরও শক্তিশালী হয়।
এ বিষয়ে মো. মনিরুল হক প্রথম আলোকে বলেন, ‘২০০৯ সালের নভেম্বর মাসে গঠিত কমিটি মানি না বলেই দলের মধ্যে গ্রুপিং হয়েছে। ওই কমিটিতে আমার বহু সমর্থক নেতা-কর্মীকে অবমূল্যায়ন করা হয়েছে।’ তিনি বলেন, ‘পুলিশি নির্যাতনের কারণে সারা দেশে বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে। কুমিল্লায়ও আমরা ব্যর্থ হয়েছি। তবু দলের জন্য কাজ করছি।’
অবশ্য দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া দাবি করেন, ‘দলের মধ্যে এখন আর কোনো কোন্দল নেই। এখন আমরা সবাই একসঙ্গে কাজ করছি।’
দলের সাংগঠনিক দুর্বলতার বিষয়ে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী বলেন, ‘মামলায় সাধারণ সম্পাদক এলাকাছাড়া। মেয়র মনিরুল হক ব্যস্ত সিটি করপোরেশন নিয়ে। আমি অসুস্থ। ঘরে বসে দল চালাই। তাই এ মুহূর্তে দলের কমিটি গঠন করা দরকার।’
কুমিল্লার ১৬ উপজেলার মধ্যে সাতটি উপজেলা নিয়ে উত্তর জেলা বিএনপি। উত্তরের কার্যালয় চান্দিনায়। চান্দিনা থেকেই জেলা কমিটির কর্মসূচি পালন হয়।
২০০৯ সালের জানুয়ারিতে খোরশেদ আলমকে সভাপতি ও সাদেক হোসেন সরকারকে সাধারণ সম্পাদক করে উত্তর জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি হয়। এর পর পর সাদেক হোসেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে তিতাস উপজেলায় অনুষ্ঠান করেন। এতে ওই নির্বাচনী এলাকার সাবেক সাংসদ ও স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের অনুসারীরা ক্ষুব্ধ হন। এর জের ধরে অল্পদিনের মধ্যে সাদেক হোসেন দল থেকে বহিষ্কৃত হন। এরপর ২০০৯ সালের ১৮ এপ্রিল আক্তারুজ্জামান সরকারকে সাধারণ সম্পাদক করা হয়।
এ কমিটির পাঁচজন নেতার সঙ্গে বলে জানা গেছে, মামলার কারণে এখানকার বিএনপির নেতা-কর্মীদের অনেকে পালিয়ে বেড়াচ্ছেন। আত্মগোপনে আছেন দলের বর্তমান সাধারণ সম্পাদকও। ফলে সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে।
এসব নেতা দাবি করেন, স্থায়ী কমিটির দুই নেতা খন্দকার মোশাররফ হোসেন ও এম কে আনোয়ারের পরামর্শে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম চলে। এর মধ্যে খন্দকার মোশাররফ কারাবন্দী। এম কে আনোয়ার থাকেন ঢাকায়।
এম কে আনোয়ারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা বলেন, ‘কুমিল্লা উত্তর জেলা কমিটি থাকলেও উপজেলা এবং সংসদীয় আসনের ভিত্তিক সাবেক সাংসদেরা দলীয় কার্যক্রম চালান। এম কে আনোয়ার তাঁর নির্বাচনী এলাকা তিতাস ও হোমনা উপজেলার বাইরে নাক গলান না।’
উত্তর জেলা বিএনপির সভাপতি মো. খোরশেদ আলম দাবি করেন, ‘মামলা ও গ্রেপ্তার-আতঙ্কের কারণে দলকে শক্তিশালী করা যাচ্ছে না। আমার বিরুদ্ধেও গাড়ি পোড়ানোর মামলা দেওয়া হয়েছে। দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের বিরুদ্ধেও মামলা দেওয়া হয়। সবাই আতঙ্কে আছে। তারপরও আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি।’