গয়েশ্বরের সঙ্গে মির্জা ফখরুলের 'সৌজন্য' সাক্ষাৎ
বিএনপির নবনিযুক্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বুধবার দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নয়াপল্টনের ব্যক্তিগত কার্যালয়ে যান। এ সময় নতুন মহাসচিবকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে সেখানে তাঁরা দুপুরের খাবার খান।
দলের দায়িত্বশীল একজন নেতা বলেন, ১৯ মার্চ অনুষ্ঠিত বিএনপির জাতীয় সম্মেলনের আগে মির্জা ফখরুলের পাশাপাশি গয়েশ্বরও দলের মহাসচিব পদের জন্য তৎপর ছিলেন বলে কয়েকটি গণমাধ্যমে খুব লেখালেখি হয়। এতে দুজনের মধ্যে একধরনের মানসিক দূরত্বের সৃষ্টি হয়। সেই দূরত্ব ঘোচানোর লক্ষ্যে দুই নেতাকে একত্রে বসানোর উদ্যোগ নেওয়া হয়।
বিএনপির সূত্র জানায়, দুই নেতার গতকালের এই সাক্ষাৎ অনুষ্ঠান ছিল পূর্বপরিকল্পিত। দলের গুরুত্বপূর্ণ একজন নেতা দুই নেতাকে একত্র করার এই উদ্যোগ নেন। বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে গয়েশ্বর চন্দ্র রায় ও মির্জা ফখরুল ইসলাম দুই মেরুর বলে নেতা-কর্মীদের মধ্যে প্রচার আছে।
জানা গেছে, এই সাক্ষাৎ অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলামের সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান। পরে সেখানে যান দলের কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী ও আবুল খায়ের ভূঁইয়া।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাসের সঙ্গেও একই ধরনের সাক্ষাৎ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন শুভাকাঙ্ক্ষীরা।
গতকালের সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে গয়েশ্বর চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, ‘আমরা একসঙ্গে রাজনীতি করি, এক দল করি। তিনি আমার এখানে এসেছেন, আবার আমি ওনার ওখানে যাব, এটা কি অস্বাভাবিক কিছু?’
গয়েশ্বর বলেন, রাজনীতিতে কখনো কখনো মতের ভিন্নতা দেখা দেয়, এখানে দ্বন্দ্বের কোনো কারণ নেই। কিন্তু আশপাশের কিছু লোক এর সুযোগ নেওয়ার চেষ্টা করে।