ঘটনা আড়াল করতেই ফাহিমের 'বন্দুকযুদ্ধ': রিজভী

মূল ঘটনা আড়াল করতেই ‘বন্দুকযুদ্ধে’ গোলাম ফয়জুল্লাহ ফাহিমকে (১৯) হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী এ কথা বলেন।
বিএনপি নেতা রিজভী বলেন, ফাহিম জঙ্গি কি না বা তাঁর সঙ্গে আরও কেউ আছে কি না, জিজ্ঞাসাবাদে তা বের হয়ে আসত। তার আগেই তাঁকে হত্যা করা হলো।
‘জঙ্গিবাদ’ ও ‘আওয়ামী লীগবাদ’ যমজ ভাই বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, এই দুই গোষ্ঠী বন্য, ধূর্ত, হিংস্র পশুর মতো নিষ্ঠুর । স্বভাবগতভাবে বেপরোয়া ও উদ্ধত।
সারা দেশে পুলিশের বিশেষ অভিযান প্রসঙ্গে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, এরপরও কেন রামকৃষ্ণ মিশন ও কুষ্টিয়ায় সেবায়েতকে হুমকি দেওয়া হলো? তিনি বলেন, অভিযান তো শেষ হয়ে গেছে। কিন্তু এখনো দমনপীড়ন চলছে। গ্রেপ্তার করা হচ্ছে। এ প্রসঙ্গে গাইবান্ধায় গতকাল গ্রেপ্তার বিএনপির নেতা কর্মীদের তালিকা তুলে ধরেন তিনি।
ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।