জঙ্গিবাদের বিরুদ্ধে আ.লীগ ও বিএনপির দীর্ঘমেয়াদি কোনো কর্মসূচি নেই
ঘটনা ঘটলে হইচই, তারপর চুপচাপ
জঙ্গিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ও বিএনপির মতো বড় রাজনৈতিক দলগুলোর দীর্ঘমেয়াদি কোনো কর্মসূচি নেই। গুলশানে হলি আর্টিজানে হামলার পর আওয়ামী লীগ মানববন্ধন-সমাবেশ জাতীয় কিছু কর্মসূচি পালন করেছিল। আর বিএনপির কার্যক্রম সীমাবদ্ধ ঘরোয়া আলোচনা, বক্তৃতা-বিবৃতিতে।
জঙ্গি হামলা বা জঙ্গিবিরোধী বড় অভিযান হলে আওয়ামী লীগ-বিএনপির নেতারা সভা-সমাবেশে এ নিয়ে হইচই করেন। যদিও সেখানে জঙ্গিবাদবিরোধী সচেতনতা সৃষ্টির চেয়ে এক দলের বিরুদ্ধে অন্য দলের দোষারোপই থাকে বেশি।
গত বছরের ১ জুলাই হলি আর্টিজানে জঙ্গি হামলার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপির কর্মকাণ্ড পর্যালোচনা করে দেখা যায়, বড় কোনো জঙ্গি তৎপরতা প্রকাশ পেলে আওয়ামী লীগ ও দলটির নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট কিছু কর্মসূচি পালন করে। আবার সন্ত্রাসী কর্মকাণ্ড কমে এলে কর্মসূচিও ঝিমিয়ে পড়ে। অন্যদিকে বিএনপি জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে এলেও দলটি এ বিষয়ে কোনো কর্মসূচি বা জনসচেতনতামূলক কার্যক্রম চালায়নি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, পাড়া-মহল্লায় জঙ্গিবাদবিরোধী কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল। কিছু কমিটি হয়েছিল। ইদানীং কাজকর্ম কমে গেছে। আবার এটি চাঙা করতে হবে।
জঙ্গিবাদবিষয়ক বিশ্লেষকেরা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গিবাদ দমন করতে পারে। কিন্তু জঙ্গিবাদের মতো সমস্যা নির্মূল করতে হলে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধভাবে কর্মসূচি নিয়ে মাঠে থাকা জরুরি। বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপির জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায়েও কমিটি আছে। দল দুটির নেতারা গ্রাম পর্যায়েও বেশির ভাগ ক্ষেত্রে মোড়লের ভূমিকায় থাকেন। জঙ্গিবাদবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম চালানো তঁাদের পক্ষে সহজ ও কার্যকর।
আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একজন নেতা বলেন, হলি আর্টিজানে ভয়াবহ জঙ্গি হামলার পর ওই মাসে আওয়ামী লীগ সারা দেশের তৃণমূল পর্যায়ে জঙ্গিবাদবিরোধী কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল। কিন্তু সেটি কার্যকর হয়নি। কিছু জায়গায় কমিটি হলেও এখন এর কার্যক্রম নেই। ওই নেতা স্বীকার করেন, জঙ্গি তৎপরতা নিয়ে তঁাদের দলের দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা নেই।
হলি আর্টিজানে হামলার পর গত বছরের আগস্টে ১৪ দল মানিকগঞ্জ, গাইবান্ধা, জয়পুরহাট ও নওগাঁয় জঙ্গিবাদবিরোধী সমাবেশের কর্মসূচি দিয়েছিল। কিন্তু কর্মসূচি আর অব্যাহত রাখা হয়নি। সম্প্রতি আশকোনায় র্যা বের ব্যারাকে আত্মঘাতী জঙ্গি হামলা এবং সিলেট, মৌলভীবাজার ও কুমিল্লায় জঙ্গিবিরোধী অভিযানের পর আবার সরব হয়েছে আওয়ামী লীগ ও ১৪ দল। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে সারা দেশে জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গড়তে জনসংযোগ ও সমাবেশ করবে ১৪ দল।
১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রথম আলোকে বলেন, এটা চলমান প্রক্রিয়া। বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে, আরও কর্মসূচি হবে। তা ছাড়া সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিয়ত সচেতনতা তৈরির কাজ করছে। দলগুলোও প্রায় সব অনুষ্ঠানে অভিভাবকদের, সমাজের সবাইকে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন হওয়ার কথা বলে।
হলি আর্টিজানে হামলার এক দিন পর জঙ্গিবাদ মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সরকার তঁাদের সেই আহ্বান প্রত্যাখ্যান করে। এরপর বিএনপি সরকারের বাইরে থাকা দলগুলোকে নিয়ে একটি বৃহত্তর ঐক্য গড়ে তোলার চেষ্টা করেছিল। গণফোরাম, বিকল্পধারা বাংলাদেশ, কৃষক শ্রমিক জনতা লীগ, জেএসডি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাসদকে (খালেকুজ্জামান) নিয়ে একটি ঐক্য গড়ে তোলার চিন্তা ছিল বিএনপির। তাদের প্রাথমিক লক্ষ্য ছিল একটি কনভেনশন করা। কিন্তু বিএনপির নেতৃত্বাধীন জোটে জামায়াতে ইসলামী থাকায় এই উদ্যোগে আগ্রহ দেখায়নি দলগুলো।
গত বছরের ১৬ আগস্ট এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে বিএনপি কর্মসূচি দেবে। জঙ্গি হামলা বা জঙ্গিবিরোধী অভিযানের পর নেতাদের বক্তৃতা-বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ আছে বিএনপির জঙ্গিবাদবিরোধী কার্যক্রম। সর্বশেষ গত মঙ্গলবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আবারও ঐক্যের আহ্বান জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, দেশে একটি অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। রাজনৈতিক দলগুলোর পক্ষে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো কঠিন। তারপরও বিএনপি চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় বিএনপি জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলছে। ঐক্যের বিষয়ে তিনি বলেন, সরকারের সহযোগিতা ছাড়া কিছু হবে না। কিন্তু সরকার সে পথে হাঁটছে না।
নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ ও বিএনপি যৌথ বিবৃতি দিয়ে জঙ্গিবাদ ইস্যুতে মাঠে নামতে পারলে ভালো হতো। তারা মানুষকে সচেতন করতে পারত। তিনি বলেন, বিশ্বের সব দেশে জঙ্গিবাদ দূর করতে সরকার ও সব রাজনৈতিক দলের সহযোগিতা থাকে। এ জন্য সরকারকে ক্ষেত্র তৈরি করতে হবে।