ঘরে কোন্দল থাকলে অন্যরা সুযোগ নেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের মধ্যে কোন্দল থাকলে এর সুযোগ অন্যরা নেবেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে এক শোকসভায় তিনি বলেন, আওয়ামী লীগের কলহের সুযোগ নেওয়া ছাড়া বিএনপির আর কোনো পথ নেই।

সম্প্রতি অনুষ্ঠিত দুটি সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলের প্রতি ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, কুমিল্লায় আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ছিল না বলে এর মাশুল দিতে হয়েছে। নারায়ণগঞ্জে নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ ছিল বলে ফল ঘরে এসেছে।

 চট্টগ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা সেকান্দর হায়াত খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বেলা সাড়ে ১১টায় নগরের মোহরা এলাকার মির্জা আহমেদ ইস্পাহানী উচ্চবিদ্যালয় মাঠে ওই শোকসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের। তিনি দলের সাধারণ সম্পাদকের পাশাপাশি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

মন্ত্রী বলেন, বিদ্বেষ ছড়িয়ে কিংবা ভারতের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে ভারত থেকে কিছু আদায় করে নিতে হবে। বিএনপি সরকারে গেলে ভারতপ্রীতি, আর সরকারে না থাকলে ভারতভীতি ছড়ায়। কিন্তু দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে ভারতের সঙ্গে কোনো বন্ধুত্ব বঙ্গবন্ধু করেননি। শেখ হাসিনাও করবেন না। জনগণ ও রাষ্ট্রের বিপক্ষে যায় এমন কাজ শেখ হাসিনা ভারতে গিয়ে করবেন না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে কোনো চুক্তি হলে সেটা হবে জনগণ ও জাতীয় স্বার্থ সমুন্নত রেখে সমতার ভিত্তিতে।

জঙ্গিবাদের বিস্তার সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, জঙ্গিবাদের ওপর বিএনপি পৃষ্ঠপোষকতার ছাতা না থাকলে তারা (জঙ্গি) এত সাহস দেখাতে পারত না।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেমউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম।

এর আগে গতকাল সকালে নগরের বহদ্দারহাট থেকে কর্ণফুলী সেতুর দক্ষিণ পাশ পর্যন্ত চার লেনের ৮ কিলোমিটার সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেন মন্ত্রী ওবায়দুল কাদের।

শাহ আমানত সেতুর পাশে নগরের বশিরুজ্জামান চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বহু প্রতীক্ষিত সড়কের কাজ শুরু করা যায়নি। এটার কারণ, টাকা হচ্ছে বিদেশি। বিদেশি টাকার জন্য তাদের কাছে বারবার ধরনা দিতে হয়। বারবার যোগাযোগ করে বিভিন্ন বিষয়ে সম্মতি নিতে হয়। এ জন্য দেরি হয়ে গেছে।

চার লেনের সড়কটি নির্মাণে ২৭০ কোটি টাকা খরচ হচ্ছে। আগামী বছরের অক্টোবর মাসে সড়কের নির্মাণকাজ শেষ হবে।