ঘরের কথা গণমাধ্যমকে বলার ক্ষেত্রে সতর্ক থাকুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের কথা গণমাধ্যমকে জানানোর ক্ষেত্রে তৃণমূল নেতাদের সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘গণমাধ্যম স্পর্শকাতর বিষয়। তাদের সঙ্গে কৌশলী আচরণ করতে হবে। কারণ, গণমাধ্যমের সবাই আওয়ামী লীগ করে না। দলের স্বার্থে গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্কও রাখতে হবে। দলের স্বার্থ রক্ষা করে তাদের তথ্য দিতে হবে। ঘরের কথা পরকে বলার সময় একটু সতর্ক থাকা প্রয়োজন।’

গতকাল রোববার ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের সাংগঠনিক জেলার দপ্তর ও উপদপ্তর সম্পাদকদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। এ সময় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

শৃঙ্খলা রক্ষায় দলের শীর্ষ নেতৃত্ব কঠোর জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দলীয় সভাপতি আগাছা-পরগাছাদের দূর করতে বলেছেন। এ বিষয়ে কোনো অভিযোগ থাকলে আগে স্ব স্ব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সম্পাদককে অবহিত করতে হবে। সরাসরি কেন্দ্রীয় সভাপতি বা সাধারণ সম্পাদককে অবহিত করার দরকার নেই।

পাবনায় মন্ত্রীপুত্রকে গ্রেপ্তারের ইঙ্গিত করে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের বলেন, দলের শৃঙ্খলার ও ভাবমূর্তি ক্ষুণ্ন করলে প্রভাবশালীকেও ছাড় দেওয়া হবে না। পাবনায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সিরাজগঞ্জের মেয়রকে ছাড় দেওয়া হয়নি।

ওবায়দুল কাদের বলেন, আগামী দেড় বছরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন। শনিবারের বর্ধিত সভায় দলীয় সভাপতি যে নির্দেশনা দিয়েছেন, তা মানতে হবে। জনগণ আওয়ামী লীগকে ভোট দিতে চায়। কিন্তু কিছু ‍কিছু নেতা-কর্মীর আচরণের কারণে জনগণ অসন্তুষ্ট হয়, যা ভোটের রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে।

গোয়েন্দা তথ্যের ওপর অভিযান

মতবিনিময় সভায় ওবায়দুল কাদের বলেন, ‘হঠাৎ কী কারণে খালেদা জিয়ার কার্যালয়ে অভিযান, সেটা নিয়ে আমি গতকাল (শনিবার) স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিপির সঙ্গে কথা বলেছি। তাঁরা আমাকে জানিয়েছেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালের অভিযানের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক আবিষ্কার করেছেন। তারা যখন ক্ষমতায় ছিল তখন আমাদের পার্টি অফিসে দফায় দফায় হামলা হয়েছে। আমাদের সিআরআইয়ের (সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন) অফিস সিলগালা করে দিয়েছিল। তাদের সময় আওয়ামী লীগ অফিসে শুধু অভিযান চালানো হয়নি, দলীয় কার্যালয়ে ঢুকে নেতা-কর্মীদের ওপর নির্যাতন করা হয়েছিল। অফিস লক্ষ্য করে বোমা হামলা হয়েছে। এসব কি তারা ভুলে গেছে। তখন কি গণতন্ত্র সঠিক ছিল?’