ঘরের শত্রুরাই বিএনপি ভাঙনের কারণ হবে: কাদের
ঘরের শত্রুরাই বিএনপির ভাঙনের কারণ হবে, তাদের ধ্বংসের জন্য আওয়ামী লীগের দরকার নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকায় পারুলী নদীর ওপর নির্মিত ‘রাজাবাড়ি সেতু’র উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেছেন, ‘আপন ঘরে যাদের শত্রু, তাদের শত্রুতা করার জন্য বাইরের শত্রুর প্রয়োজন হয় না। বিএনপির এখন ঘরের শত্রুই বিভীষণ, এই বিভীষণরাই বিএনপি ভাঙনের কারণ হবে। তাদের ধ্বংস করার জন্য আওয়ামী লীগের দরকার নেই। তারাই বিএনপিকে ভাঙনের মুখে ঠেলে দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশকে নেতিবাচক দিকে ফেলে দেবে।’
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম উল্লেখ না করে ওবায়দুল কাদের বলেন, ‘আজকে লন্ডন থেকে তাদের উদীয়মান নেতা নেতিবাচক রাজনীতি করছেন এবং কয়েক দিন পরপরই শব্দ বোমা নিক্ষেপ করছেন। এই শব্দ বোমায় আজকে বিএনপির নেতা-কর্মীরা বিভক্ত, দ্বিধাগ্রস্ত। তারা এ দল করবে কি না, এটাও অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে।’
এ সময় অন্যদের মধ্যে স্থানীয় সাংসদ রহমত আলী, সড়ক ও জনপথের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফতাব উদ্দিন আহম্মেদ, জেলা নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী একই সড়কের রাজেন্দ্রপুর এলাকায় একটি পদচারী সেতু উদ্বোধন করেন। গাজীপুর সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী আমির হোসেন জানান, সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে ৬২ দশমিক ৫ মিটার দৈর্ঘ্যের এবং ৯ দশমিক ২৫ মিটার প্রস্থের রাজাবাড়ী সেতু এবং ১ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ১৮ মিটার দৈর্ঘ্যের ওই পদচারী সেতুটি তৈরি করা হয়েছে।