ঘোষণার সাত দিনের মাথায় কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের নতুন কমিটি ঘোষণার সাত দিনের মাথায় বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। ঘোষিত কমিটি বিলুপ্ত করে শুক্রবার রাতে এক বছর মেয়াদি পৃথক কমিটির ঘোষণা দেওয়া হয়।
দুই সদস্যবিশিষ্ট কমিটির নাম প্রকাশ করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায় তাঁর সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এ স্ট্যাটাসের সঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে কে এম মোজাম্মেল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে আবদুর রউফের নাম রয়েছে। মোজাম্মেল হোসেন সাত দিন আগে ঘোষিত কমিটিতেও সভাপতি পদে ছিলেন। অন্যদিকে আবদুর রউফ দুই বছর আগে কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
রিকশাভাড়া নিয়ে বিতণ্ডার জের ধরে গত ২৯ সেপ্টেম্বর বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের পুরোনো ভবন এলাকায় কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে বগুড়া শহরের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও তাঁর সহযোগীদের মধ্যে বিরোধ হয়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগের ইব্রাহীম হোসেন খুন হন। এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ মিছিল ও সমাবেশ করে। এ সময় কলেজের নতুন ভবনের সামনে কলেজ ছাত্রলীগের নেতাদের হাতে লাঞ্ছিত হন স্টেডিয়াম ফাঁড়ির উপপরিদর্শক আল মামুন। জ্বালিয়ে দেওয়া হয় তাঁর মোটরসাইকেল। এ ঘটনায় বেনজির আহমেদকে প্রধান আসামি করে ১ অক্টোবর বগুড়া সদর থানায় মামলা করে পুলিশ।
এ ঘটনায় ২৫ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্তে কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং কলেজ কমিটির সভাপতি বেনজির আহমেদকে ছাত্রলীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। পরে ২৭ অক্টোবর এ কে এম মোজাম্মেল হোসেনকে সভাপতি এবং রাকিবুল হাসানকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদি কমিটি ঘোষণা দেয় জেলা ছাত্রলীগ। ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা থাকলেও ওই কমিটি নিয়ে প্রশ্ন তোলে কলেজ ছাত্রলীগের কর্মী-সমর্থকের একাংশ।
তাদের অভিযোগ, ঘোষিত কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন ছাত্র নন। তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর পাস করেছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক রাকিবুল হাসান ছাত্রশিবিরের কর্মী এবং তাঁর পরিবার জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলেও অভিযোগ আছে। সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে তোলা এসব অভিযোগ কেন্দ্রীয় ছাত্রলীগকে জানানো হয়। এ নিয়ে এক সপ্তাহ ধরে কলেজ ক্যাম্পাসে পাল্টাপাল্টি মিছিল সমাবেশ ও উত্তেজনা চলছিল। নতুন কমিটি নিয়ে বিতর্ক ওঠায় ৪ নভেম্বর কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির ঘোষণা দেয় জেলা ছাত্রলীগ।