ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে কুষ্টিয়া শহর যুবলীগের আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
২০১৪ সালে বিলুপ্ত শহর যুবলীগের কমিটি গঠন করা হয়। গত বুধবার রাতে ওই কমিটির যুগ্ম আহ্বায়ক জেড এম সম্রাট ছয়টি গুলিভর্তি একটি রিভলবারসহ গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন। এরপরই কমিটি বিলুপ্ত করা হয়।
সোমবার সন্ধ্যায় জেলা যুবলীগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুষ্টিয়া শহর যুবলীগের আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থবির ও শৃঙ্খলা ভঙ্গের কারণে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দলের কার্যক্রম সচল ও বেগবান করার লক্ষ্যে একজনকে আহ্বায়ক, আটজনকে যুগ্ম আহ্বায়ক এবং তিনজনকে সদস্য করে আহ্বায়ক কমিটি করা হয়েছে। নতুন কমিটির সদস্যদের নিয়ে গতকাল মঙ্গলবার সারা দিন দলের নেতা-কর্মীদের মধ্যে দ্বিমত দেখা দেয়।
জেলা যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম বলেন, ‘কয়েক দিন পরেই আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন। কেন্দ্রীয় নেতাদের নির্দেশেই আপাতত কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ সময় কমিটি করায় হই-হট্টগোল হতে পারে।’