ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে পাল্টা কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রলীগের কেন্দ্রঘোষিত ঠাকুরগাঁও জেলা কমিটি প্রত্যাখ্যানের পর পাল্টা কমিটি করে গতকাল শহরে আনন্দ মিছিল বের করেন জেলার একাংশের নেতা–কর্মীরা l ছবি: প্রথম আলো
ছাত্রলীগের কেন্দ্রঘোষিত ঠাকুরগাঁও জেলা কমিটি প্রত্যাখ্যানের পর পাল্টা কমিটি করে গতকাল শহরে আনন্দ মিছিল বের করেন জেলার একাংশের নেতা–কর্মীরা l ছবি: প্রথম আলো

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগকে চাঙা করতে কেন্দ্র থেকে কমিটি গঠন করে দেওয়ার পর এখানে দলীয় বিরোধ আরও প্রকাশ্য রূপ নিয়েছে। ২০১০ সালে কেন্দ্র থেকে এই জেলা কমিটি করে দেওয়ার পর দলের একাংশের বিরোধিতায় তা স্থবির হয়ে পরে। সেই স্থবিরতা কাটাতে ১৯ জুলাই সম্মেলন ছাড়াই আবারও কেন্দ্র থেকে জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি প্রত্যাখ্যান করে গতকাল মঙ্গলবার পাল্টা কমিটি গঠনের পর শহরে আনন্দ মিছিল করে ঠাকুরগাঁও ছাত্রলীগের একাংশ।
এদিকে কেন্দ্র থেকে ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে নিজেদের গঠিত কমিটির পক্ষে সুপারিশ নিতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ দবিরুল ইসলামের সঙ্গে দেখা করেন ছাত্রলীগের ওই অংশটি। জেলা সভাপতি ও সাংসদও তখন তাঁদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এ কমিটি অনুমোদনের সুপারিশ করে কেন্দ্রে পাঠান।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ দবিরুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগ পরীক্ষিত নেতা-কর্মীদের বঞ্চিত করে বিবাহিত ও ঢাকায় লেখাপড়া করছে এমন দুজনকে সভাপতি ও সাধারণ সম্পাদক করেছে। এ কারণে ছাত্রলীগের লড়াকু কর্মীদের নিয়ে গঠন করা একটি কমিটির অনুমোদনে সুপারিশ করে ঢাকায় পাঠিয়েছি।’
কেন্দ্রীয় কমিটির বিদায়ী সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের সই করা এক চিঠিতে ১৯ জুলাই ঠাকুরগাঁও ছাত্রলীগের মাহাবুব হোসেনকে সভাপতি ও সানোয়ার পারভেজকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে সহসভাপতি পদে চার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুই ও সাংগঠনিক সম্পাদক পদে আরও তিনজনের নাম ঘোষণা করা হয়। পরের দিন সিদ্দিকী নাজমুল আলম সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক পাতায় নতুন এ কমিটি গঠনের কথা জানান।

জেলা ছাত্রলীগ সূত্র জানায়, নিজেদের মধ্যে দ্বন্দ্ব ও স্থানীয় পর্যায়ের অধিকাংশ কমিটি নিষ্ক্রিয় থাকায় গত পাঁচ বছরেও সম্মেলনের উদ্যোগ নিতে পারেনি ঠাকুরগাঁও ছাত্রলীগ। গত ১৮ জুন মেয়াদোত্তীর্ণ ঠাকুরগাঁও পৌর, সদর উপজেলা, সরকারি কলেজ শাখাসহ জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে চিঠি দেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল। একই চিঠিতে জেলা কমিটি গঠনের উদ্যোগ নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত চাওয়া হয়। জেলার ৬৫ জন নেতা-কর্মী পদ দুটিতে জীবনবৃত্তান্ত জমা দেন। এসব জীবনবৃত্তান্ত থেকেই সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১১ জনের নাম ঘোষণা করা হয় ১৯ জুলাই কেন্দ্র থেকে ঘোষিত ঠাকুরগাঁও ছাত্রলীগের জন্য।

কিন্তু গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁও ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা শহরের বঙ্গবন্ধু সড়কের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে কেন্দ্রঘোষিত কমিটিকে ‘গঠনতন্ত্রবহির্ভূতভাবে ঘোষিত’ বলে আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান। এ সময় অভিযোগ করা হয়, কেন্দ্রঘোষিত কমিটিতে গঠনতন্ত্র অমান্য করে বিবাহিত, ব্যবসায়ী ও ছাত্রলীগের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা নেই এমন নেতা-কর্মীদের রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও সরকারি কলেজ ছাত্রলীগের বিলুপ্ত ঘোষিত কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান, বিলুপ্ত পৌর ছাত্রলীগের সভাপতি পবিত্র মণ্ডল ও সাবেক পাঠাগার সম্পাদক দেবাশীষ দত্ত, সাবেক সদর উপজেলা ছাত্রলীগ নেতা আবদুর রশিদ, সাবেক জেলা কমিটির সদস্য জি এম সিরাজী মিজান প্রমুখ বক্তব্য দেন। পরে জি এম সিরাজীকে সভাপতি ও সৌরভ চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি ঘোষণা করেন আসাদুজ্জামান। কমিটি গঠনের পর ছাত্রলীগের এ অংশের নেতা-কর্মীরা শহরে আনন্দ মিছিল করেন।

এর আগে ২০১০ সালে সম্মেলনের পর ফখরুল ইসলামকে সভাপতি ও ফয়সাল আহমদকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। কিন্তু তখনো ওই কমিটি প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবি জানিয়েছিল জেলা ছাত্রলীগের একাংশ। সেই বিরোধ থেকেই পরে স্থবির হয়ে পড়ে জেলা ছাত্রলীগের কর্মকাণ্ড।

বিলুপ্ত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ অভিযোগ করেন, মাহাবুব হোসেন বিবাহিত ও ব্যবসায়ী এবং সানোয়ার পারভেজ ঢাকায় লেখাপড়া করেন। জেলার ছাত্রলীগের কর্মকাণ্ডে তাঁদের দুজনের কাউকে কখনো দেখা যায়নি। আর্থিক সুবিধা নিয়ে কেন্দ্রীয় কমিটি তাঁদের জেলা ছাত্রলীগের শীর্ষ পদে বসিয়েছে।

এ বিষয়ে কথা বলতে কেন্দ্রঘোষিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি।

ছাত্রলীগের পাল্টা কমিটির সভাপতি জি এম সিরাজী অভিযোগ করেন, ‘মাঠপর্যায়ে যেসব কর্মীর গ্রহণযোগ্যতা নেই তাঁদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি প্রত্যাহার না করলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’

রাশেদুল ইসলাম নামে ছাত্রলীগের এক কর্মী বলেন, ‘পাঁচ বছর ধরে নেতৃত্ব নিয়ে ছাত্রলীগের কর্মকাণ্ড স্থবির হয়ে আছে। ভেবেছিলাম কেন্দ্র থেকে তা নিরসনে উদ্যোগ নেওয়া হবে। কিন্তু তৃণমূলের মতামত না নিয়ে সম্মেলন ছাড়াই কেন্দ্র নতুন যে কমিটি ঘোষণা দিল তাতে ঝামেলা আরও বাড়বে।’

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আ স ম গোলাম ফারুক বলেন, কেন্দ্রঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে পাল্টা কমিটি গঠন করায় ছাত্রলীগ আরও বেশি করে বিরোধে জড়িয়ে পড়বে।