নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল ও রায়পুরা পৌরসভায় ভোট কাল বুধবার। এরই মধ্যে ঘোড়াশালে বিএনপির মেয়র প্রার্থীর সরে দাঁড়ানো ও বেশির ভাগ ওয়ার্ডে কাউন্সিলররা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচনী আমেজ নেই। রায়পুরায় আওয়ামী লীগের প্রার্থী বাদে অন্যরা সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
ঘোড়াশাল ও রায়পুরার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঘোড়াশাল পৌর নির্বাচনে মেয়র পদে চারজন মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আওয়ামী লীগের বিদ্রোহী মো. ইলিয়াছ মিয়া ও বিএনপির বিদ্রোহী বেলায়েত হোসেন প্রার্থিতা প্রত্যাহার করেন। সর্বশেষ ১৬ মে দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিএনপির মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন। এ ছাড়া ছয়টি (১, ২, ৩, ৫, ৭ ও ৮) ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত (৪, ৫, ৬) একটি ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। দলীয় নেতা-কর্মীরা বলেন, বাকি তিনটি (৪, ৬, ৯) ওয়ার্ডের মধ্যে ৪ ও ৬ নম্বরের ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থীর প্রতিদ্বন্দ্বীরা সরে দাঁড়িয়েছেন।
রায়পুরা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মো. আফজাল হোসাইন, বিদ্রোহী প্রার্থী জামাল মোল্লা, বিএনপির প্রার্থী বর্তমান মেয়র আবদুল কুদ্দুস, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের শিপন মোল্লা ও স্বতন্ত্র আবদুল হাই মাস্টার প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া অন্য সবাই সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
রায়পুরা পৌরসভার রিটার্নিং কর্মকর্তা জসীম উদ্দীন হায়দার বলেন, ‘আমরা শতভাগ সুষ্ঠু ভোট করার প্রস্তুতি নিয়েছি।’