ঘোষণা দিয়ে 'সরে দাঁড়ানোর' পরও বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে মনোনয়ন জমা দিয়েও পরে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ছিল না কোনো প্রচার-প্রচারণা। উল্টো তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন। কিন্তু গত বুধবার প্রকাশিত ফলাফলে তিনিই জয়ী হয়েছেন।

বিজয়ী প্রার্থীর নাম আবদুল খালেক। তিনি ৭৯ ভোট পেয়ে ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনের ৩ নম্বর ওয়ার্ডে (ফুলপুর উপজেলা) সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

দলের স্থানীয় কর্মীরা বলেন, আবদুল খালেক ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। ফুলপুর উপজেলা থেকে সদস্য পদে আবদুল খালেক মনোনয়ন জমা দেন। একই উপজেলা থেকে আওয়ামী লীগের সমর্থক সাইফুল ইসলামও মনোনয়ন জমা দেন। সাইফুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সদস্য। আওয়ামী লীগের সমর্থক দুই প্রার্থী হয়ে যাওয়ায় ১৫ ডিসেম্বর এক মতবিনিময় সভায় আবদুল খালেক নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি নির্বাচনী এলাকায় খুব কম যান। মাঝেমধ্যে নির্বাচনী এলাকায় গেলে তিনি সাইফুল ইসলামের পক্ষে ভোট চেয়েছেন।

পরাজিত প্রার্থী সাইফুল বলেন, আবদুল খালেকের সরে দাঁড়ানোর ঘোষণা ছিল নাটক। তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে তাঁর (সাইফুল) পক্ষে ভোট চেয়েছেন আর গোপনে নিজের জন্য কাজ করেছেন। এই ধরনের কাজ দলের জন্য ‘আত্মঘাতী’।

আবদুল খালেক বলেন, আওয়ামী লীগের সমর্থক দুজন প্রার্থী হওয়ায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। বুধবার ভোট গ্রহণ শেষ হওয়ার পর অনেকেই তাঁকে ফোন করে জানান রায় সম্ভবত তাঁর পক্ষে যাচ্ছে। পরে বেলা সাড়ে তিনটার দিকে জানা যায় তিনিই বিজয়ী হয়েছেন।