ঘোষণার আগেই আ.লীগ প্রার্থীর পরিচয়ে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে দলীয় মনোনয়ন ঘোষণার আগেই আওয়ামী লীগের চেয়ারম্যানপ্রার্থী পরিচয় দিয়ে এক ব্যক্তি মোটরসাইকেল শোভাযাত্রাসহ সমাবেশ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যক্তির নাম নাজিব আহম্মেদ। তাঁর বাড়ি নিলখী গ্রামে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওহিদুজ্জামান বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হবে।
নাজিব আহম্মেদ বলেন, ‘আমি নিজে কোনো শোডাউন করিনি, সমাবেশও করিনি। নিজেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পরিচয়ও দিইনি। সমর্থকেরা যদি এলাকায় শোডাউনসহ সমাবেশে আমাকে আওয়ামী লীগের প্রার্থী পরিচয় দিয়ে বক্তব্য দেয়, আমি কী করতে পারি।’
উলপুর বাজারের ব্যবসায়ী জহির মোল্লা, মনিরুল ইসলামসহ স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, গত সোমবার নাজিব আহম্মেদ ৬০-৭০টি মোটরসাইকেল ও ইজিবাইক নিয়ে মহড়া দেন। বাজারের মোড়ে অনুষ্ঠিত সমাবেশে তিনি নিজেকে আওয়ামী লীগের চেয়ারম্যানপ্রার্থী ঘোষণা দিয়ে মিষ্টি বিতরণ করেন। দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু মুন্সি বলেন, উপজেলা কমিটির কাছে ছয়জন চেয়ারম্যান প্রার্থীর নাম পাঠানো হয়েছে। ওই তালিকায় নাজিব আহম্মেদের নাম রয়েছে।