ঘোষণার এক দিন পর কমিটি বিলুপ্ত, মিছিল-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণার এক দিনের মাথায় গতকাল সোমবার তা বিলুপ্ত করা হয়েছে। এর প্রতিবাদে কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা জেলা শহরে বিক্ষোভ মিছিল ও যানবাহন ভাঙচুর করেন।
কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই বছর ধরে কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ছিল না। রোববার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি মো. নিহাদুল আলম ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালালের সই করা পত্রের মাধ্যমে সংগঠনটির কলেজ শাখা কমিটি অনুমোদন করা হয়। এতে খাবিরুল ইসলাম খান সভাপতি ও মো. জুয়েল সাধারণ সম্পাদক হন। তাঁদের ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশও দেওয়া হয়।
কিন্তু এক দিন পর গতকাল বেলা একটার দিকে আরেকটি পত্রের মাধ্যমে এ কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে জেলা ছাত্রলীগ। এ খবর ছড়িয়ে পড়লে কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। তাঁরা শহরের ফৌজদারি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বকুলতলা এলাকায় পৌঁছানোর পর নেতা-কর্মীরা একটি ট্রাক, কয়েকটি পিকআপ ভ্যানসহ ১০-১২টি যানবাহন ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সংগঠনটির জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা বিলুপ্ত ঘোষণাপত্রে লেখা হয়, ‘আওয়ামী লীগের জেলা শাখার পরামর্শক্রমে ছাত্রলীগের সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার কমিটি বিলুপ্ত করা হলো।’
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ প্রথম আলোকে বলেন, ‘কমিটি ঘোষণা বা বিলুপ্ত করার কোনো খবর আমার কাছে নাই। ফলে এ বিষয়ে মন্তব্য নাই।’
বিলুপ্ত কমিটির সভাপতি খাবিরুল ইসলাম বলেন, কিছু সিনিয়র নেতা-কর্মীর অনুসারী অযোগ্য প্রার্থীরা কমিটিতে আসতে পারেননি। এ কারণে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর চাপ সৃষ্টি করে কমিটি বিলুপ্ত করা হয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য গতকাল বেলা তিনটার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি মো. নিহাদুল আলম ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালালের মুঠোফোনে ফোন করা হয়। তাঁরা পরে কথা বলবেন বলে আর ফোন ধরেননি।
জামালপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহনেওয়াজ বলেন, অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।