সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগ
চকরিয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা স্বতন্ত্র প্রার্থীর
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাইনউদ্দিন মোহাম্মদ শাহেদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার চকরিয়া পৌরসভার বিদ্যাপীঠ রোডে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।
শাহেদের অভিযোগ, সুষ্ঠু পরিবেশ না থাকায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ওয়ার্কার্স পার্টির কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক। ফাঁসিয়াখালীতে তৃতীয় ধাপে ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।
লিখিত বক্তব্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলে মোহাম্মদ শাহেদ বলেন, আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা প্রচারণা চালাতে তাঁকে বাধা দিচ্ছেন। তাঁর ভাইসহ কয়েকজন কর্মীর ওপরও হামলা চালানো হয়েছে। এসব বিষয়ে নির্বাচন কমিশন ও প্রশাসনের শীর্ষ মহলে অভিযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি। হামলা ও হয়রানির শিকার থেকে কর্মী-সমর্থকদের বাঁচাতে নির্বাচন থেকে সরে আসা ছাড়া কোনো বিকল্প ছিল না বলে তিনি মন্তব্য করেন।
তবে অভিযোগের বিষয়ে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন চৌধুরী বলেন, ‘ভোটের মাঠের অবস্থা বুঝে তিনি (শাহেদ) আগেভাগেই সরে দাঁড়িয়েছেন। তবে তিনি ভোটে থাকলে ভালো হতো।’