চকরিয়ায় মেয়র প্রার্থী চূড়ান্ত করতে পারেনি আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে এখনো দলীয় প্রার্থী চূড়ান্ত করতে পারেনি আওয়ামী লীগ। গতকাল সোমবার জেলা আওয়ামী লীগের সভায়ও প্রার্থী চূড়ান্ত করা সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে পাঁচজনের নামের তালিকা কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে গতকাল সকালে কক্সবাজার জেলা পরিষদের সম্মেলনকক্ষে বৈঠক শুরু হয়। সভায় দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এ কে এম গিয়াসউদ্দিন, বর্তমান সভাপতি জাহেদুল ইসলাম, সহসভাপতি ওয়ালিদ মিল্টন, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুল করিম সাঈদী, ছৈয়দ আলম, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, আলমগীর চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণবিষয়ক সম্পাদক নুরুল আবছার, চকরিয়া উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আমিনুর রশিদ, চকরিয়া কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান সেলিম উল্লাহ, ব্যবসায়ী শফিউল আলম বাহার। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা। কিন্তু বৈঠকে প্রার্থী চূড়ান্ত করা সম্ভব হয়নি।
দলীয় সূত্র জানায়, এই পরিস্থিতিতে গতকাল রাতে জেলা আওয়ামী লীগের নেতারা পাঁচজনের নামের একটি তালিকা তৈরি করেন। তালিকাটি কেন্দ্রে পাঠানো হবে।
সূত্র জানায়, ফজলুল করিম সাঈদী, ওয়ালিদ মিল্টন, জামাল উদ্দিন জয়নাল, আলমগীর চৌধুরী ও ছৈয়দ আলমের নাম কেন্দ্রে পাঠানো হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘একক প্রার্থী নির্ধারণে সভাটি হয়। কিন্তু মনোনয়নপ্রত্যাশীরা একমত হতে না পারায় জেলা আওয়ামী লীগ পাঁচজনের একটি তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।’ তিনি বলেন, প্রার্থী বাছাইয়ে তৃণমূলের চাহিদা, সামাজিক অবস্থান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিবেদনকে গুরুত্ব দেওয়া হয়েছে।’
এর আগে মেয়র প্রার্থী চূড়ান্ত করতে গত রোববার চকরিয়া পৌরসভা আওয়ামী লীগ জরুরি সভা করে। কিন্তু সেখানে প্রার্থী চূড়ান্ত করা সম্ভব হয়নি। তবে ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের চাহিদা অনুযায়ী চকরিয়া পৌরসভা আওয়ামী লীগ দুজনের নামের তালিকা জেলায় পাঠায়। ওই দুজন হলেন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী।
গতকাল রাতে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ইচ্ছুক সাতজনের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, দল মনোনীত প্রার্থীর বিপক্ষে তাঁরা নির্বাচন করবেন না। দলীয়প্রধান যাঁকে প্রার্থী করবেন, তাঁর পক্ষে কাজ করবেন।