চক্রান্তকারীদের জনগণ প্রতিহত করবে: নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়। হরতাল, জ্বালাও-পোড়াও চায় না। জ্বালাও-পোড়াও চক্রান্তকারীদের এ দেশের জনগণ প্রতিহত করবে।
আজ বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জে কাজীপুর উপজেলার দুর্গম চর তেকানীতে কিনারবেড় হাফিজিয়া মাদ্রাসায় আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সংবিধানের বাইরে আমরা যাব না, এটা নিয়ে কথা বলে লাভ নেই। এর জন্য অহেতুক মাঠ গরম করবেন না। ১০ বছর আগে যা হয়েছে, এখন আর তা হবে না।’
বিএনপিকে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে নাসিম বলেন, নির্বাচনকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে কোনো লাভ নেই। আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও ও হরতাল এ দেশের জনগণ প্রতিহত করবে।
২০১৪ সালের নির্বাচন প্রসঙ্গ স্বাস্থ্যমন্ত্রী বলেন, সে সময় নির্বাচন প্রতিহত করার নামে বিএনপি-জামায়াত মানুষকে পুড়িয়ে মেরেছে। তাদের আমলেই জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে। হাওয়া ভবন সৃষ্টি করে দেশের সম্পদ লুটপাট করা হয়েছে। ওরা ক্ষমতায় এলে দেশের সার্বিক উন্নয়ন স্থবির হয়ে যাবে। তাই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে উন্নয়ন ও জঙ্গি দমনের সফল নেতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে আবার নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তেকানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনার রশীদের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল, আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক প্রমুখ।