চট্টগ্রাম অচল করার হুমকি বিএনপি নেতাদের
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা না হলে চট্টগ্রাম অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপি নেতারা। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলের নেতারা এ হুমকি দেন।
নগরের কাজীর দেউড়িতে নগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। এর আগে বিকেল চারটায় মিছিল নিয়ে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। নগর বিএনপির সহসভাপতি শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাবেক সাংসদ রোজী কবির, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহসভাপতি আবু সুফিয়ান প্রমুখ।
সমাবেশে রোজি কবির অভিযোগ করেন, দেশে এখন কোনো গণতন্ত্র নেই। স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করছে সরকার।
নগর বিএনপির সহসভাপতি শামসুল আলম বলেন, খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলে চট্টগ্রামে আগুন জ্বলবে। এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখতে চট্টগ্রামবাসী প্রস্তুত আছে। খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার না হলে চট্টগ্রাম অচল করে দেওয়া হবে। ইউপি নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপে ভোট কারচুপির অভিযোগ করে তিনি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেন।