চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ বিএনপির দুই নেতাকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবদুল্লাহ আল হাসানকে দল থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। ওই দুজনকে দলের সব পর্যায়ের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবর রহমান শামীমকে তাঁর দায়িত্ব যথাযথভাবে ও সতর্কতার সঙ্গে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার বিএনপির সহদপ্তর সম্পাদক বেলাল অাহমদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কী ধরনের সাংগঠনিক কর্মকাণ্ডবিরোধী কাজে এই নেতারা জড়িত ছিলেন, তা বিএনপির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তবে বিএনপির একাধিক সূত্র জানায়, চট্টগ্রাম উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপির কর্মিসভায় সংঘর্ষের কারণে ওই দুই নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে গত সোমবার রাতে চট্টগ্রামের নেতাদের নিয়ে বৈঠক করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

সারা দেশে সব জেলায় কর্মিসভা করার সিদ্ধান্ত নেয় বিএনপি। এর অংশ হিসেবে ২ মে চট্টগ্রাম উত্তর জেলা ও পরদিন চট্টগ্রাম দক্ষিণ জেলায় কর্মিসভার তারিখ ছিল। দুই জায়গাতেই সংঘর্ষে জড়ান নেতা-কর্মীরা। এ ছাড়া ঝিনাইদহ, বরিশাল, রাজশাহীসহ আরও কয়েকটি জেলায়ও নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে এসব জেলায় এখনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি।