চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ বিএনপির দুই নেতাকে দল থেকে অব্যাহতি
দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার ‘সুস্পষ্ট’ অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী শাহজাহান (জুয়েল) এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবদুল্লাহ আল হাসানকে দল থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। তাঁদের দলের সব পর্যায়ের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
এ ছাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবর রহমানকে (শামীম) তাঁর দায়িত্ব যথাযথভাবে ও সতর্কতার সঙ্গে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার বিএনপির সহদপ্তর সম্পাদক বেলাল আহমদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
দলের একাধিক সূত্র জানায়, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির কর্মিসভায় সংঘর্ষের কারণে ওই দুই নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে গত সোমবার রাতে চট্টগ্রামের নেতাদের নিয়ে বৈঠক করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।