চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের মিছিল-সমাবেশ
শিবির-নিয়ন্ত্রিত চট্টগ্রাম সরকারি কলেজে গতকাল শনিবার মিছিল-সমাবেশ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। কলেজ চত্বরে ব্যানারও টানিয়েছে ছাত্রলীগ।
গত বুধবার কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের বিজয় দিবসের সমাবেশে হামলা করে ছাত্রশিবির। এরপর দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় শিবিরের নেতা-কর্মীদের আসামি করে চকবাজার থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এ ঘটনার পর গতকাল কলেজ ক্যাম্পাসে ব্যানার টানিয়ে সমাবেশ করে ছাত্রলীগ।
গতকাল শনিবার সকালে ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন। তাঁরা মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। পরে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করেন তাঁরা।
সমাবেশে ছাত্রলীগের নেতারা বিজয় দিবসের সমাবেশে হামলার ঘটনায় জড়িত শিবির নেতাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। এ ছাড়া মেধার ভিত্তিতে আসন বণ্টন না হওয়া পর্যন্ত ছাত্রাবাস বন্ধ রাখার দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয়, নগর ও চট্টগ্রাম কলেজ শাখার নেতারা।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নেতা মাহমুদুল করিম প্রথম আলোকে বলেন, ‘১৯৮৪ সালে ছাত্র সংসদ নির্বাচনের আগে দুই ছাত্রকে গলা কেটে খুনের পর চট্টগ্রাম কলেজে আধিপত্য কায়েম করে শিবির। তিন দশক ধরে শিবির চট্টগ্রাম কলেজে কোনো ছাত্রসংগঠনকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি। তবে এখন ধারাবাহিকভাবে ছাত্রলীগ কলেজে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে।’