চট্টগ্রাম থেকে দেড় হাজারের বেশি নেতা ঢাকায় গেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দিতে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা থেকে ৩৫৪ জন কাউন্সিলর এবং দেড় হাজারের বেশি প্রতিনিধি (ডেলিগেট) গতকাল শুক্রবার ঢাকায় রওনা হয়েছেন।
আওয়ামী লীগের নেতারা বলেন, এবার জাতীয় সম্মেলনে চট্টগ্রাম নগর থেকে ১৩২ জন কাউন্সিলর আমন্ত্রিত হন। আর চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা থেকে ১১১ জন করে ২২২ জন আমন্ত্রিত হন। সব মিলিয়ে চট্টগ্রাম থেকে ৩৫৪ জন কাউন্সিলর সম্মেলনে যোগ দিচ্ছেন। একইভাবে ডেলিগেট হিসেবে নগর এবং উত্তর ও দক্ষিণ জেলায় ৩৫৪ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। অবশ্য আমন্ত্রণ না পেলেও চট্টগ্রাম থেকে এক হাজারের বেশি নেতা-কর্মী কাউন্সিলে যাচ্ছেন।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ১১১ জন কাউন্সিলর ছাড়া আরও পাঁচ শতাধিক ডেলিগেট জাতীয় সম্মেলনে অংশ নিচ্ছেন। উপজেলার নেতারা বাস ভাড়া করে রওনা হয়েছেন। অনেকে ব্যক্তিগত গাড়িতে ঢাকায় চলে গেছেন।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রতিটি উপজেলায় স্থানীয় নেতারা দুটি করে বাস ভাড়া করেছেন। তাঁরা আজই (গতকাল) ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। কিন্তু আমাদের ডেলিগেট ১১১ জনের পরিবর্তে পাঁচ শতাধিক ঢাকায় গেছেন।’
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘কাউন্সিলর ও ডেলিগেট মিলে ছয় শতাধিক নেতা আজ (শুক্রবার) রাত ১১টায় তূর্ণা এক্সপ্রেসে রওনা হচ্ছে।’