চট্টগ্রাম নগর আ.লীগের সম্মেলন নিয়ে দুই মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহাতাব উদ্দিন
মাহাতাব উদ্দিন

মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর চট্টগ্রাম নগর আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন আসবে এটি জানা কথা। নগর কমিটির মেয়াদ এক বছর আগে শেষ হয়ে যাওয়ায় মহিউদ্দিনের অনুসারী নেতা-কর্মীরা ধারণা করছেন, পরিবর্তিত পরিস্থিতিতে কেন্দ্র থেকে সম্মেলনের তারিখ ঘোষণা করা হতে পারে। তবে আরেক পক্ষ মনে করছে, আগামী সংসদ নির্বাচনের আগে নগর কমিটির সম্মেলন হওয়ার সম্ভাবনা কম। আপাতত নগর আওয়ামী লীগের ১ নম্বর সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে যাবেন।

নেতা-কর্মীরা বলছেন, প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে মাহতাব উদ্দিনের দূরত্ব ছিল। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও সাবেক মন্ত্রী প্রয়াত জহুর আহমেদ চৌধুরীর জ্যেষ্ঠ ছেলে মাহতাব উদ্দিন চৌধুরীকে অবশ্য সব পক্ষের নেতা-কর্মীরা শ্রদ্ধা করেন। তিনি চট্টগ্রাম সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

মহিউদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত চট্টগ্রাম নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর প্রথম আলোকে বলেন, ‘আমরা আটজন ভারপ্রাপ্ত সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেছি। তাঁকে কেন্দ্রীয় কর্মসূচি ও জাতীয় দিবসগুলো পালনের জন্য পরামর্শ দিয়েছি।’ তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য নগর কমিটিতে গতিশীল নেতৃত্ব প্রয়োজন। ভারপ্রাপ্ত সভাপতি কতটুকু দায়িত্ব পালন করতে পারবেন তা সময় বলে দেবে। এ জন্য পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তাঁরা।

মহিউদ্দিন চৌধুরীর আরেক অনুসারী নগর আওয়ামী লীগের পরিবেশ ও বনবিষয়ক সম্পাদক মশিউর রহমান বলেন, ‘মাহতাব ভাই মেয়রের (নাছির উদ্দীন) ঘনিষ্ঠ। কিন্তু মহিউদ্দিন চৌধুরী আমৃত্যু বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সঙ্গে থেকে মূল স্রোতের রাজনীতি করেছেন। তাঁর মৃত্যুতে মূল স্রোতের লাখো কর্মী-সমর্থক ছায়া হারিয়েছে। এখন আমাদের অভিভাবক শেখ হাসিনা।’

তবে মেয়র নাছিরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নগর আওয়ামী লীগের সদস্য মো. জাফর আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘যদিও মাহতাব ভাই অসুস্থ। কিন্তু তিনি দলের ঐক্যের প্রতীক।’

২০১৩ সালের ১৩ নভেম্বর এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে সভাপতি এবং আ জ ম নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ৭১ সদস্যের কমিটি গঠন হয়। গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ তিন বছর। গত বছরের নভেম্বরে শেষ হয় এই কমিটির মেয়াদ। ২০১৮ সালের নির্বাচনের আগে সম্মেলন করার পরিকল্পনা ছিল মহিউদ্দিন চৌধুরীর। তাঁর মৃত্যুতে এখন পরিস্থিতি পাল্টে গেছে।

এ বিষয়ে মাহতাব উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে ভারপ্রাপ্ত সভাপতি করার সিদ্ধান্ত নিয়েছেন। আনুষ্ঠানিক দায়িত্ব পেলে সেটা হবে একটি চ্যালেঞ্জ। এই মুহূর্তে নগর আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখা আমার প্রধান কাজ কাজ।’

কেন্দ্রীয় আওয়ামী লীগের তিনজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ নগর কমিটি রেখে চট্টগ্রামে জাতীয় নির্বাচন পরিচালনা করা সম্ভব নয়। নির্বাচনের আগেই কমিটি ভেঙে দিয়ে সম্মেলনের মাধ্যমে সর্বজন গ্রহণযোগ্য ও ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের চেষ্টা করছেন তাঁরা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেতা নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগকে ঢেলে সাজাতে কমিটি ভাঙার পক্ষে দলীয় ফোরামে নিজের মত দিয়েছেন।

এ বিষয়ে গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রাম আওয়ামী লীগে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে। এই শূন্যতা পূরণ করা সম্ভব নয়। তবে আপাতত ‘ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মাহতাবউদ্দিন চৌধুরী দায়িত্ব পালন করবেন বলে প্রেসিডিয়ামের (সভাপতিমণ্ডলী) সভায় আলোচনা হয়েছে। তবে সম্মেলন বা নতুন কমিটি গঠন নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

মহিউদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম বলেন, গঠনতন্ত্র অনুযায়ী মাহতাব উদ্দিন চৌধুরী আপাতত ভারপ্রাপ্ত সভাপতি। কিন্তু তিনি অসুস্থ। শক্তিশালী নেতৃত্ব না থাকলে নির্বাচনের আগে বিরোধী দলের আন্দোলন সামাল দেওয়া এবং সঠিকভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে না। সংগঠনের স্বার্থে নগর আওয়ামী লীগের সম্মেলন ডেকে নতুন কমিটি গঠন করা জরুরি। তিনি বলেন, ‘নেত্রী (শেখ হাসিনা) বিচক্ষণ মানুষ। তিনি ভেবেচিন্তে নিশ্চয়ই সিদ্ধান্ত দেবেন।’

নগর আওয়ামী লীগের নেতারা জানান, বর্তমান কমিটির নয়জন সহসভাপতির মধ্যে চারজন আ জ ম নাছির উদ্দীনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। আরেক সহসভাপতি নুরুল ইসলাম মন্ত্রিপরিষদের সদস্য। প্রয়াত সভাপতি এবং সাধারণ সম্পাদকের বলয়ের বাইরে তাঁর নিজস্ব অনুসারী রয়েছে। বাকি চারজন মহিউদ্দিন চৌধুরীর অনুসারী।