চট্টগ্রাম নগর যুবলীগের তিন শীর্ষ নেতার চোখ মহানগর আওয়ামী লীগে
চট্টগ্রাম নগর যুবলীগের তিন শীর্ষ নেতা আর এ সংগঠনের রাজনীতির গণ্ডিতে থাকতে চান না। অর্থাৎ তাঁরা আর নগর যুবলীগের রাজনীতি করতে আগ্রহী নন। এখন তাঁরা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের রাজনীতি করতে চান। তাই তাঁরা নগর যুবলীগের নতুন কমিটির জন্য জীবনবৃত্তান্ত জমা দেবেন না।
তিন নেতা হলেন বর্তমান নগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন ওরফে বাচ্চু, দুই যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন ওরফে খোকা ও ফরিদ মাহমুদ।
নগর স্বেচ্ছাসেবক লীগের পর নগর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ পেতে আগ্রহী প্রার্থীদের কাছে জীবনবৃত্তান্ত আহ্বান করেছে কেন্দ্রীয় কমিটি।
মহিউদ্দিন, দেলোয়ার ও ফরিদ প্রথম আলোকে নিশ্চিত করেছেন, নগর যুবলীগের কমিটিতে পদ পেতে তাঁরা জীবনবৃত্তান্ত জমা দিচ্ছেন না।
মহিউদ্দিন বলেন, ‘আমি মহানগর আওয়ামী লীগের রাজনীতি করতে চাই। যদি মহানগর আওয়ামী লীগের কমিটি করা হয়, তবে সেই কমিটিতে আমি সাধারণ সম্পাদকের পদ পাওয়ার ব্যাপারে আগ্রহী। নগর যুবলীগে নতুন নেতৃত্ব আসুক, এটাই আমি চাই।’
দেলোয়ার ও ফরিদ জানান, অনেক দিন নগর যুবলীগের রাজনীতি করেছেন তাঁরা। সফলতা-ব্যর্থতা উভয়ই আছে। কিন্তু এখন আর নগর যুবলীগের নতুন কমিটিতে পদ পাওয়ার ইচ্ছা নেই তাঁদের। তাই তাঁরা জীবনবৃত্তান্ত জমা দেবেন না।
নগর যুবলীগের কমিটির অপর দুই যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক ওরফে সুমন ও দিদারুল আলম অবশ্য জানিয়েছেন, নতুন কমিটির জন্য তাঁরা জীবনবৃত্তান্ত জমা দেবেন।
জানা গেছে, চট্টগ্রাম নগরের পাশাপাশি উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের নতুন কমিটির জন্য সভাপতি-সাধারণ সম্পাদক পদে জীবনবৃত্তান্ত আহ্বান করেছে কেন্দ্রীয় যুবলীগ। ২৬ মার্চ কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়। আগ্রহীদের ২ থেকে ৫ এপ্রিল পর্যন্ত যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তর শাখায় জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে।
গত মাসের মাঝামাঝিতে নগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের বর্তমান কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় যুবলীগ। ঢাকায় অনুষ্ঠিত এ বৈঠকে ঈদের পর সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয়। তার অংশ হিসেবে যুবলীগের এই তিন কমিটির শীর্ষ দুই পদের জন্য জীবনবৃত্তান্ত চাওয়া হয়।
কমিটিতে পদ পেতে ইতিমধ্যে নতুন-পুরোনোদের মধ্যে অনেকে তৎপরতা শুরু করেছেন। তাঁদের মধ্যে যুবলীগের বর্তমান কমিটির সদস্য যেমন রয়েছেন, তেমনি ছাত্রলীগের সাবেক নেতারাও আছেন।
২০১৩ সালে যুবলীগের নগর কমিটি গঠন করা হয়। আহ্বায়ক, ৪ যুগ্ম আহ্বায়কসহ মোট ১০১ সদস্য নিয়ে এ কমিটি করা হয়েছিল। কিন্তু পরে আর পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি। গঠনতন্ত্র অনুযায়ী, নগর যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ১৩১ সদস্যবিশিষ্ট হওয়ার কথা।
এত দিন পর নতুন কমিটি করার জন্য তৎপর হয়েছে কেন্দ্র। জীবনবৃত্তান্ত সংগ্রহের পর আগামী মে মাসের শেষ সপ্তাহে সম্মেলনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক লীগের মতো কেন্দ্র থেকে কমিটি করে দেওয়া হবে বলে জানা গেছে। সপ্তাহখানেকের মধ্যে সম্মেলনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হতে পারে।
জানতে চাইলে যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘কমিটি করার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে। আগে জীবনবৃত্তান্ত আসুক। তারপর যাচাই-বাছাই করে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে রমজানের পর একটা সিদ্ধান্ত নেওয়া হবে।’
এক প্রশ্নের জবাবে মাইনুল হোসেন খান বলেন, যুবলীগের কমিটিতে স্থান পাওয়ার ক্ষেত্রে ৫৫ বছরের বয়সসীমা আগেই নির্ধারণ করে দেওয়া হয়েছে।
২০১৩ সালে চট্টগ্রাম নগর যুবলীগের কমিটি গঠনের পর প্রথম দিকে একসঙ্গে কাজ করে আসছিলেন পাঁচ নেতা—মহিউদ্দিন, দেলোয়ার, ফরিদ, মাহবুবুল ও দিদারুল। কিন্তু বছর দুয়েক আগে থেকে কমিটির আহ্বায়কের সঙ্গে চার যুগ্ম আহ্বায়কের মনোমালিন্য শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষ পৃথক কর্মসূচি পালন করতে থাকে। এখন এই পাঁচ নেতার মধ্যে মাহবুবুল ও দিদারুল আরও কিছুদিন যুবলীগের রাজনীতি করতে চান।
এ বিষয়ে জানতে চাইলে দিদারুল প্রথম আলোকে বলেন, ‘আহ্বায়ক ও দুই যুগ্ম আহ্বায়ক আর যুবলীগের রাজনীতি করবেন না বলে জানিয়েছেন। আমি আর মাহবুবুল জীবনবৃত্তান্ত জমা দেব বলে সিদ্ধান্ত নিয়েছি। কেন্দ্র যদি আমাদের যোগ্য মনে করে, তাহলে দায়িত্ব দেবে।’