চট্টগ্রাম নগর যুবলীগের দুই নেতা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিলবোর্ড অপসারণ নিয়ে বিশৃঙ্খলার ঘটনায় মহানগর যুবলীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার যুবলীগের কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

যুবলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান প্রথম আলোকে জানান, সংগঠনবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ হোসেন ও সদস্য আলী হোসেনকে মঙ্গলবার বহিষ্কার করা হয়েছে।
গত রোববার দুপুরে চট্টগ্রামের টাইগার পাস মোড়ে বিলবোর্ড উচ্ছেদ করতে গেলে যুবলীগের নেতা-কর্মীরা ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়ান। সিটি করপোরেশন সূত্র জানায়, টাইগার পাস এলাকায় রেলওয়ের জমিতে বিলবোর্ড রয়েছে নগর যুবলীগের সদস্য আলী হোসেনের মালিকানাধীন প্রতিষ্ঠানের। ঝুঁকিপূর্ণ বিবেচনায় বিলবোর্ডটি অপসারণ করা হয়। কিন্তু সড়কের উল্টো দিকে নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদের মালিকানাধীন প্রতিষ্ঠানের বিলবোর্ডসহ আরও চারটি বিলবোর্ড অপসারণ না করায় ক্ষুব্ধ হন আলী হোসেন। একপর্যায়ে অভিযানে যাওয়া ক্রেন (বিলবোর্ড অপসারণে ব্যবহৃত) চালককে তিনি ও তাঁর অনুসারীরা ফরিদ মাহমুদের বিলবোর্ড অপসারণের জন্য চাপ দেন। খবর পেয়ে ফরিদ মাহমুদ ঘটনাস্থলে আসেন। এ সময় দুই নেতার মধ্যে তর্ক হয়। একপর্যায়ে পিস্তল বের করে আলী হোসেনকে গুলি করার হুমকি দেন তিনি।
এ ঘটনার পরই ফরিদ হোসেন ও আলী হোসেনকে বহিষ্কার করা হলো।