চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের দুই শীর্ষ পদে মহিউদ্দিনের অনুসারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বেচ্ছাসেবক লীগ

সম্মেলনের প্রায় ৯ মাস পর গতকাল বুধবার রাতে চট্টগ্রাম নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

সভাপতি-সাধারণ সম্পাদকসহ কমিটির ২০ জনের নাম ঘোষণা করে গতকাল রাত সাড়ে ১১টায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

নবঘোষিত কমিটির সভাপতি দেবাশীষ নাথ ওরফে দেবু। সাধারণ সম্পাদক আজিজুর রহমান। কমিটির মেয়াদকাল তিন বছর।

দেবাশীষ ও আজিজুর দুজনই নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। তাঁরা এখন মহিউদ্দিনপুত্র শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বলয়ে থাকেন।

দুই শীর্ষ পদের জন্য নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী নেতাদেরও দৌড়ঝাঁপ ছিল। তাঁদের কয়েকজনকে সহসভাপতিসহ অন্যান্য পদে রাখা হয়েছে।

দুই শীর্ষ পদের পাশাপাশি ১১ সহসভাপতি, ৩ যুগ্ম সাধারণ সম্পাদক, ৩ সাংগঠনিক সম্পাদক ও ১ জন প্রচার সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২০ জনের নাম ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি এক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে।

সহসভাপতির পদ পাওয়া ১১ জন হলেন হেলাল উদ্দিন, আবুল হাসনাত মো. বেলাল, তসলিম উদ্দিন, সুজিত দাস, দেলোয়ার হোসেন, মনোয়ার জাহান, নাজমুল হুদা, মো. আজিজ মিছির, আজাদ খান, আবদুর রশিদ ও মিনহাজুল আবেদিন চৌধুরী।

তিন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মো. সাইফুদ্দিন, আবদুল্লাহ আল মামুন ও সরফরাজ নেওয়াজ চৌধুরী।

মাছুদ খান, মো. সালাহ উদ্দিন (শেরশাহ) ও দেবাশীষ আচার্য্যকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

প্রচার সম্পাদক করা হয়েছে তাসাদ্দেক নূর চৌধুরীকে।

২০ বছর পর গত বছরের ১৯ জুন নগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের ৯ মাস পর ৩ বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হলো।