চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কার্যক্রম স্থগিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।
এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা গতকাল রাত ১২টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
কথা-কাটাকাটির জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারী নেতা-কর্মীদের মধ্যে গতকাল বিকেলে ক্যাম্পাসে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আট নেতা-কর্মী আহত হন।
সংঘর্ষের পর গতকাল রাত ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদের কয়েকটি হলে তল্লাশি শুরু করে পুলিশ। রাত পৌনে একটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তল্লাশি চলছিল।
এদিকে সংগঠনের কার্যক্রম স্থগিত করার বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু গত রাত ১২টায় প্রথম আলোকে বলেন, যারা ঝামেলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ভালো হতো। কেন্দ্রীয় ছাত্রলীগের আমাদের অভিভাবক। সংগঠনের বিষয়ে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত।