মহিউদ্দিন চৌধুরীর বাসায় ওবায়দুল কাদের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কোন্দল মেটানোর নির্দেশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কোন্দল তিন মাসের মধ্যে মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রোববার চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর চমশা হিলের বাসায় প্রাতরাশ বৈঠকে তিনি ছাত্রলীগের নেতাদের এই নির্দেশ দেন। বৈঠক সূত্র এ কথা জানিয়েছে।
গত শনিবার রাতে চট্টগ্রামের পটিয়ার সাংসদ শামসুল হক চৌধুরীর মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ওবায়দুল কাদের চট্টগ্রামে আসেন। গতকাল সকালে তিনি চট্টগ্রামে দলীয় রাজনীতির অবস্থা জানতে মহিউদ্দিন চৌধুরীর বাসায় যান। সেখানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহা. শফিকুল ইসলাম, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য, জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা এবং নগর ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, ওবায়দুল কাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মকাণ্ড নিয়ে বিরক্তি প্রকাশ করে প্রশ্ন করেন, তাঁদের (ছাত্রলীগ) নিয়ে এত নেতিবাচক সংবাদ হয় কেন? তিনি উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে ই-টেন্ডার চালুর পরামর্শ দেন। আর ছাত্রলীগকে তিন মাসের মধ্যে অন্তঃকোন্দল দূর করার নির্দেশ দেন। একই সঙ্গে নগরের বিভিন্ন কলেজে কমিটি গঠনেরও তাগিদ দেন তিনি।
বৈঠক সূত্র জানায়, প্রাতরাশ বৈঠকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুকেও আসতে বলা হয়। তবে তিনি আসেননি।
আলমগীর টিপু স্থানীয় রাজনীতিতে আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর ঘটনায় করা মামলার আসামি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক পক্ষ এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
বৈঠক সূত্র জানায়, সেতুমন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে ফেলার জন্য নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনকে তাগিদ দেন। নগর আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা কেমন, তা মহিউদ্দিন চৌধুরীর কাছে জানতে চান তিনি। এ সময় মহিউদ্দিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নিজেই চট্টগ্রাম নগর কমিটি দিয়েছেন। তিনি সব দেখভাল করছেন। ২০১৬ সাল পর্যন্ত কমিটির মেয়াদ আছে।
বৈঠক সূত্র জানায়, চট্টগ্রাম নগরের কিছু ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটি কাজ করছে না, এমন কথা শোনার পর ওবায়দুল কাদের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। তিনি মাহবুব উল আলম হানিফকে বলেন, চট্টগ্রামের কয়েকটা ওয়ার্ডের কমিটি সক্রিয় নেই। আবার ছাত্রলীগের মধ্যেও সমস্যা আছে। ওবায়দুল কাদের এগুলো সমাধান করার জন্য মাহবুব উল আলম হানিফকে তাগিদ দেন।
বৈঠক সূত্র জানায়, ওবায়দুল কাদের চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বলেন, নিজেদের মধ্যে কোন্দল জিইয়ে রাখার দরকার কী। জাতীয় নির্বাচনের মাত্র দুই বছর বাকি। নিজেদের মধ্যে সমস্যা দ্রুত সমাধান করে ফেলতে হবে।
সকাল সাড়ে আটটায় ওবায়দুল কাদের চশমা হিলের বাসভবনে যান। নাশতা ও আলাপ সেরে তিনি সকাল ১০টায় ঢাকার উদ্দেশে যাত্রা করেন।