পার্বত্য চট্টগ্রাম ভূমি আইন বাস্তবায়নে বাধা আমলারা: মেনন
সরকারের আমলাদের কারণে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি আইন বাস্তবায়ন করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এক স্মরণসভায় মন্ত্রী এ মন্তব্য করেন।
১৯৮৩ সালের ১০ নভেম্বর জনসংহতি সমিতির বিভেদপন্থী অংশের হাতে আট সহযোদ্ধাসহ খাগড়াছড়ির পানছড়ির গভীর জঙ্গলের গোপন আস্তানায় এম এন লারমা নিহত হন। তাঁর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি আজ এ স্মরণসভার আয়োজন করে।
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের বাধা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ভূমি নিষ্পত্তি কমিশন আইন সংসদে এখন পর্যন্ত ঝুলে আছে। এমনকি প্রধানমন্ত্রী নিজে এ ব্যাপারে হস্তক্ষেপ করছেন, নিজে আইন সংশোধন করে দিচ্ছেন। কিন্তু আমলারা সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে আবার সেটাকে টেনে আগের জায়গায় নিয়ে যাচ্ছেন।’
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, এক শ্রেণির মানুষ ও আমলা রয়েছেন, যাঁদের চোখের দৃষ্টিতে তথাকথিত নিরাপত্তার চশমা। এঁদের কাছে আদিবাসীদের সব দাবি বিচ্ছিন্নতাবাদীদের ষড়যন্ত্র।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘একুশে ফেব্রুয়ারি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। পৃথিবীর সমস্ত জনগোষ্ঠীর মাতৃভাষার স্বীকৃতি পাওয়ার দিন হচ্ছে একুশে ফেব্রুয়ারি। আর যে দেশ থেকে এই আন্দোলনের সূত্রপাত, সে দেশের কিছু মানুষ নিজেদের মাতৃভাষায়, সংস্কৃতিতে ও পরিচয়ে বাঁচতে পারবে না। আজকে হঠাৎ করে কেউ যদি বলে তুমি তো সুলতানা কামাল নও, তুমি অন্য একজন, আদিবাসীদের অবস্থাও এ রকম। তাদের হঠাৎ করে বলা হচ্ছে, তোমরা আদিবাসী নও, তোমরা বাঙালি। এর চেয়ে অদ্ভুত অবস্থা আর কী হতে পারে। এর মাধ্যমে অস্বীকৃতি জানানো হচ্ছে তার অস্তিত্বকে। প্রকৃতপক্ষে এই একটি কথার মাধ্যমে তার নাগরিকত্বকেও হরণ করা হচ্ছে।’
লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতি যাঁরা মন থেকে বিশ্বাস করতেন, তাঁদের মধ্যে এম এন লারমা অন্যতম। তাঁকে শান্তিপূর্ণ আন্দোলনের পরিবর্তে ঠেলে দেওয়া হয়েছে উগ্রবাদের দিকে। এত বছরেও পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কেন হলো না, সেটা খতিয়ে দেখতে উচ্চক্ষমতাসম্পন্ন একটি কমিটি করে পর্যালোচনা করা উচিত।
এম এন লারমার মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্যের সভাপতিত্বে স্মরণসভায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মনজুরুল আহসান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল, পার্বত্য জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা বক্তব্য দেন।
সভায় ১০ দফা দাবি সংবলিত ঘোষণাপত্র পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস। অনুষ্ঠানের শুরুতে ও শেষে মাদল ও সাংস্কৃতিক ইউনিয়ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। পরে সেখানে এম এন লারমার আলোকচিত্রে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।