চট্টগ্রাম যুবলীগের জব্বর আয়োজন
৯৭টি গরু, ১৪২টি খাসি, ৬০০ মণ চাল। আমন্ত্রিত প্রায় দেড় লাখ মানুষ। খরচ হবে দেড় কোটি টাকা।
চট্টগ্রাম মহানগর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেজবানের জন্য এই আয়োজন। ১৬ নভেম্বর একযোগে নগরের ৪৪টি সাংগঠনিক ওয়ার্ডে এই মেজবান হবে।
চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী ১২ নভেম্বর। আমরা চার দিন পর প্রীতিভোজের আয়োজন করছি। এ জন্য আমাদের বাজেট দেড় কোটি টাকা। সংগঠনের সচ্ছল নেতা-কর্মীরাই টাকার জোগান দিচ্ছেন।’
তবে এই প্রীতিভোজ সবার জন্য প্রীতিকর হচ্ছে না। এই ভোজের জন্য ‘টাকা সংগ্রহ অভিযানে’ খোদ স্থানীয় আওয়ামী লীগেরই কোনো কোনো নেতা পীড়িত বোধ করছেন। চাঁদা দিতে হচ্ছে তাঁদের।
জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরশেদুল আলম বলেন, ‘প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগ নেতাদের চাল-ডাল ও কমিউনিটি সেন্টারের ভাড়া বাবদ খরচ বহন করা জন্য যুবলীগ নেতারা অনুরোধ করেছেন। আমরা ১০ নভেম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা বৈঠক করে টাকা জোগান দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
যুবলীগের নেতারা জানান, নগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার লক্ষ্যে এই প্রীতিভোজের আয়োজন করা হচ্ছে। মাস তিনেক আগে এই পরিকল্পনা করা হয়। এ জন্য চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক ১০টি গরু এবং চারজন যুগ্ম আহ্বায়কের প্রত্যেকে আরও পাঁচটি করে গরু প্রীতিভোজের জন্য কিনে দিচ্ছেন। ১০১ সদস্যের নগর যুবলীগ কমিটির বাকি ৯৬ নেতা সামর্থ্য অনুযায়ী গরু ও খাসি কিনে দেবেন। কমিউনিটি সেন্টারের ভাড়া, চাল-ডাল ও মসলার খরচ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা বহন করবেন।
দলীয় সূত্র জানায়, ১৬ নভেম্বর প্রতিটি ওয়ার্ডে দুটি গরু ও তিনটি করে খাসি জবাই হবে। রান্না হবে ৬০০ কেজি চাল। এই দিয়ে প্রতি ওয়ার্ডে তিন হাজার লোককে আপ্যায়ন করা হবে। এই হিসাবে ৪৪টি সাংগঠনিক ওয়ার্ডে মোট ৮৮টি গরু ও ১৩২টি খাসি জবাই হবে। সঙ্গে থাকবে প্রায় ৬০০ মণ চাল। সব মিলিয়ে আপ্যায়ন করা হবে এক লাখ ৩২ হাজার মানুষকে।
একই দিন বিশিষ্ট ব্যক্তিদের জন্য নগরের স্মরণিকা কমিউনিটি সেন্টার ও সমাবেশ কমিউনিটি সেন্টারে যুবলীগের নেতা-কর্মীদের আপ্যায়নের ব্যবস্থা করা হচ্ছে। এ জন্য এই দুই কমিউনিটি সেন্টারে আরও নয়টি গরু ও ১০টি খাসি জবাই করা হবে বলে দলীয় নেতারা জানিয়েছেন।
দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করে বলেন, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের জন্য ওয়ার্ড আওয়ামী লীগ নেতাদের ওপর চাঁদা ধার্য করে দেওয়া হচ্ছে। চাল-ডাল, মসলা ও কমিউনিটি সেন্টারের ভাড়া ৩০-৩৫ হাজার টাকার কম নয়। সবার কি টাকা দেওয়ার সামর্থ্য আছে? আর সব ওয়ার্ডের নেতাদের আয়রোজগার কি সমান?
লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের আরেক নেতা নাম প্রকাশ না করে বলেন, আসলে রাজনীতিকে ব্যয়বহুল করা হচ্ছে। প্রীতিভোজের আয়োজন না করে জনকল্যাণ কাজে এই অর্থ ব্যয় করা হলে সংগঠনের ভাবমূর্তি আরও উজ্জ্বল হতো। তিনি বলেন, যুবলীগের নেতাদের মধ্যে অনেকে ব্যবসায়ী। তাঁরা নিজেদের ভাবমূর্তি উজ্জ্বলের জন্য বিশাল আয়োজন করছেন। দল ক্ষমতার বাইরে থাকলে তাঁদের অনেককে আর সাংগঠনিক কাজে পাওয়া যাবে না।
চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু দাবি করেন, ‘বিশাল আয়োজনে কোনো চাঁদাবাজি হচ্ছে না। যুবলীগ ও আওয়ামী লীগ নেতারা স্বতঃস্ফূর্তভাবে অর্থের জোগান দিচ্ছেন। আমি নিজেও ব্যক্তিগত তহবিল থেকে ১০টি গরুর জোগান দিচ্ছি।’
নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ বলেন, ‘স্বাধীনতার পর এমন বড় আয়োজন যুবলীগ আর করেনি। এবার আমরা করছি, যাতে সাধারণ মানুষের সঙ্গে যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে সম্পর্ক আরও নিবিড় হয়।’