চট্টগ্রামে আ.লীগ নেতাকে লাঞ্ছিত করল ছাত্রলীগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদকে লাঞ্ছিত করেছেন কিছু উচ্ছৃঙ্খল যুবক। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেছেন, হামলাকারীরা ছাত্রলীগের কর্মী। গতকাল শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শেষ হওয়ার পর চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে এই ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাজধানীর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। চট্টগ্রাম জেলার মূল সভা ছিল লালদীঘি ময়দানে। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শেষ হয় বেলা ১টা ৩৫ মিনিটে। এরপর মোছলেম উদ্দিন আহমেদকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শেষ হওয়ার পর সাংবাদিকেরা লালদীঘি মাঠে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের বক্তব্য নিচ্ছিলেন। মোছলেম উদ্দিন আহমেদ একটি টিভি চ্যানেলের সঙ্গে কথা বলার সময় ছাত্রলীগের কয়েকজন কর্মী ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করছিলেন। এতে মোছলেম উদ্দিনের কথা বলতে অসুবিধা হচ্ছিল। ভিড়ের মধ্যে ধাক্কা খেয়ে একপর্যায়ে মোছলেম উদ্দিন একজনকে পাল্টা ধাক্কা দেন। এরপর ছাত্রলীগের কিছু উচ্ছৃঙ্খল কর্মী তাঁকে গালাগাল করেন। দু-একজন তাঁর দিকে তেড়ে আসারও চেষ্টা করেন। একপর্যায়ে তাঁকে হাত দিয়ে ধাক্কা দেওয়া হয়। মোছলেম উদ্দিনকে রক্ষা করতে এসে আওয়ামী লীগের আরও কিছু নেতা-কর্মী লাঞ্ছিত হন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা আরও বলেন, একপর্যায়ে কয়েকজন নেতা-কর্মী মোছলেম উদ্দিনকে মাঠের বাইরে নিয়ে যান। ছাত্রলীগের উচ্ছৃঙ্খল কর্মীরা আবার তাঁর দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করলে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম তাঁকে রক্ষা করতে আবার মাঠের ভেতরে নিয়ে আসেন। এরপর সাবেক মন্ত্রী ও সাংসদ আফছারুল আমীন তাঁর গাড়িতে মোছলেম উদ্দিনকে উঠিয়ে দ্রুত এলাকা ছেড়ে চলে যান।
সূত্র জানায়, দেড় কিলোমিটার দূরে স্টেডিয়াম-সংলগ্ন নেভাল এলাকায় তাঁদের গাড়ি আটকানোর চেষ্টা করেন ওই উচ্ছৃঙ্খল যুবকেরা। তাঁরা তিন-চারটি মোটরসাইকেলযোগে সেখানে যান। ওই সময় পুলিশ এলে ওই যুবকেরা একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পুলিশ মোটরসাইকেলটি জব্দ করেছে।
মোছলেম উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় কিছু ছেলে অহেতুক ঝামেলা পাকিয়েছে। তাঁদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আমি আফছারুল আমীনের সঙ্গে রওনা হওয়ার পর নেভালের কাছে আবার আমাদের গাড়ির গতিরোধ করা হয়।’
এ প্রসঙ্গে বক্তব্য জানতে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ বলেন, তিনি ঢাকায় আছেন। গণমাধ্যমের খবর থেকে বিষয়টি জেনেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানেন না।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য বলেন, ‘আমরা একটি মোটরসাইকেল জব্দ করেছি। মোটরসাইকেলটির মালিককে খোঁজা হচ্ছে।’ তিনি বলেন, মোছলেম উদ্দিন আহমেদের সঙ্গে কারা খারাপ আচরণ করেছেন, সেটা তদন্ত করে দেখা হচ্ছে।
মোছলেম উদ্দিনকে লাঞ্ছিত করার প্রতিবাদ: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান এক যুক্ত বিবৃতিতে মোছলেম উদ্দিন আহমদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিবৃতিতে তাঁরা ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এদিকে গতকাল সন্ধ্যায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানববিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরানের সভাপতিত্বে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, মোছলেম উদ্দিনের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
সভার আগে দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।