চট্টগ্রামে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
নানা আয়োজনের মধ্যে দিয়ে গতকাল মঙ্গলবার দলের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে চট্টগ্রাম নগর ও উত্তর জেলা আওয়ামী লীগ।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগ কাজীর দেউড়ি এলাকার একটি কনভেনশন সেন্টারে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা অনেকেই আত্মকেন্দ্রিক হয়ে গেছি। আওয়ামী লীগ করি। পদ পাই। পদ পাওয়ার পর আমাদের দায়িত্ব কী তা ভুলে যাই।’ তিনি বলেন, ‘পদ পাওয়ার পর যেন বসে না থাকি। আমাদের সবাইকে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বাংলার ইতিহাসের সঙ্গে আওয়ামী লীগের ইতিহাস অবিচ্ছেদ্যভাবে জড়িত।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের উপদেষ্টা ইসহাক মিয়া, সহসভাপতি সুনীল সরকার ও এম জহিরুল আলম দোভাষ, ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম শাখার সভাপতি আবু হানিফ, জাসদের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার, নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু ও ছাত্রলীগের নগর শাখার সভাপতি ইমরান আহমেদ।
আলোচনা সভা শুরুর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন দলীয় নেতারা।
এ দিকে নগরের নিউমার্কেট এলাকার দোস্ত বিল্ডিংয়ে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে উত্তর জেলা আওয়ামী লীগ।
উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিতেন্দ্র প্রসাদ নাথ।