
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সমর্থন পেলেন আ জ ম নাছির উদ্দিন। গতকাল শুক্রবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দলের কেন্দ্রীয় ও চট্টগ্রামের জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
আ জ ম নাছির চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এত দিন মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন পাওয়ার লড়াইয়ে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালামের নাম বেশি আলোচিত হচ্ছিল। তাঁরা তিনজনই বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে জানান, প্রধানমন্ত্রী চট্টগ্রামের মেয়র প্রার্থী হিসেবে আ জ ম নাছির উদ্দিনের পক্ষে সবাইকে কাজ করার নির্দেশ দিয়েছেন।
দলের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে এ বি এম মহিউদ্দিন চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) যে নির্দেশ দিয়েছেন সেটা শিরোধার্য। তাঁর সিদ্ধান্ত আমরা সবাই মেনে চলব।’
আবদুচ ছালাম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত শিরোধার্য।’
প্রার্থিতা ঠিক করতে গতকাল সন্ধ্যা সাতটায় গণভবনে শুরু হওয়া বৈঠকটি শেষ হয় রাত আটটা ৫৫ মিনিটে। বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, দলের জন্য মহিউদ্দিন চৌধুরীর অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী তাঁর কাছে জানতে চান, ‘আপনার অভিমত কী?’ জবাবে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমি আপনার দলের একজন কর্মী। বঙ্গবন্ধুর সৈনিক। আপনার সিদ্ধান্ত চূড়ান্ত। আপনার সিদ্ধান্ত সম্পর্কে আমি ইতিমধ্যে কিছু জানতে পেরেছি। তবে নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য আমাদের দলের প্রার্থীরা সবাই নির্বাচন করলে সেটা বিশ্বব্যাপী গ্রহণযোগ্য হবে।’
প্রার্থিতা নিয়ে দলের নেতাদের আলোচনার একপর্যায়ে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমি দলের কর্মী। নেত্রীর সিদ্ধান্ত আমি মেনে নিচ্ছি।’
ওই দুই নেতা জানান, মহিউদ্দিন চৌধুরীর বক্তব্যের পর তোফায়েল আহমেদ বলেন, ‘মহিউদ্দিন ভাই আমাদের শ্রদ্ধেয় নেতা। তিনি নির্বাচনে যখন আসবেন না, তখন প্রার্থী থাকবেন দুজন। বাকি দুজনের মধ্যে কে প্রার্থী হবেন, সে সিদ্ধান্ত নেবেন মাননীয় প্রধানমন্ত্রী।’ এরপর আ জ ম নাছির উদ্দিনের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
বৈঠকের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিউদ্দিন চৌধুরীর ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে একান্তে কিছুক্ষণ কথা বলেন। এ বিষয়ে ব্যারিস্টার মহিবুল হাসান প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী বাবার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তাঁর শরীর ভালো নয়, সেটা প্রধানমন্ত্রীকে বলেছি।’ তিনি জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপি নির্বাচনে আসবে।
গণভবনের বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাংসদ শেখ ফজলুল করিম সেলিম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম বিএসসি, আফসারুল আমিন, মাহতাবউদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি নুরুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক আবদুস সালাম এবং দক্ষিণ জেলার সভাপতি মোছলেম উদ্দিন ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।