চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জ্যেষ্ঠ ছেলে মহিবুল হাসান চৌধুরী ওরফে নওফেল আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন। এতে চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতিতে ভারসাম্য ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন দলের একাধিক নেতা।
গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্পাদকমণ্ডলীর আরও ২২ সদস্যের নাম ঘোষণা করা হয়। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাঁদের নাম ঘোষণা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দলের একাধিক নেতা-কর্মী বলেন, এ বি এম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কান্ডারি। টানা সাড়ে ১৬ বছর তিনি সিটি মেয়র ছিলেন। গত বছর মেয়র নির্বাচন করার আগ্রহ দেখালেও দলীয় মনোনয়ন পান আ জ ম নাছির উদ্দীন। আ জ ম নাছির উদ্দীন মেয়র নির্বাচিত হওয়ার পর চট্টগ্রামের রাজনীতিতে মহিউদ্দিন চৌধুরীর ক্ষমতা খর্ব হতে থাকে। তাঁর বড় ছেলে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হওয়ায় চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতিতে আবার ভারসাম্য ফিরে এসেছে।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ ইলিয়াছ প্রথম আলোকে বলেন, ‘মহিউদ্দিন চৌধুরীর ছেলে হিসেবে নয়, নিজ যোগ্যতায় নওফেল দলের সাংগঠনিক সম্পাদক হয়েছেন। তাঁর আগমনের কারণে আওয়ামী লীগ আরও শক্তিশালী হবে।’
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ার পর গতকাল দুপুরে প্রতিক্রিয়া জানতে চাইলে মহিবুল হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘শিক্ষাগত যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতা টাকা-পয়সার চেয়ে যোগ্যতার অনেক বড় মাপকাঠি—এটা মাননীয় প্রধানমন্ত্রী বিবেচনায় এনে আমাকে সাংগঠনিক সম্পাদক করেছেন। এই অর্জন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মী এবং আমার বাবা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর প্রতি স্বীকৃতি।’ তিনি আরও বলেন, ‘আমি তৃণমূলের প্রতিটি নেতা-কর্মীর কাছে যাব। দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে ভূমিকা রাখব।’
বড় ছেলে দলের সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘নওফেল রাজনৈতিক পরিবারের সন্তান। আমার সন্তানকে আমি চিনি। সংগঠন গোছানোর কাজ ও যেকোনো কঠিন পরিস্থিতি সে ভালোভাবে সামাল দিতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। মাননীয় প্রধানমন্ত্রীও আমার সন্তানকে যোগ্য বিবেচনা করে বড় দায়িত্ব দিয়েছেন।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘যোগ্য ব্যক্তি হিসেবে নওফেলকে মাননীয় প্রধানমন্ত্রী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করেছেন। তাঁকে আমার অভিনন্দন। প্রধানমন্ত্রীর প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। কারণ, ২০১৩-১৪ সালে তিনি এককভাবে কঠিন পরিস্থিতি সামাল দিয়েছেন। দলকে কীভাবে গোছাতে হবে এবং কারা দলের জন্য যোগ্য ব্যক্তি সেটা মাননীয় প্রধানমন্ত্রী ভালো বোঝেন।’
মহিবুল হাসান চৌধুরী ১৯৮৩ সালের জুনে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি লন্ডনে গিয়ে বার-অ্যাট ল ডিগ্রি অর্জন করার পর আইন পেশায় যুক্ত হন।
২০১৪ সালের নভেম্বরে এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে সভাপতি এবং আ জ ম নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ৭১ সদস্যের কমিটি গঠিত হয়। মহিবুল হাসান চৌধুরী ওই কমিটিরও সদস্য। কার্যত ২০১৪ সালে তিনি রাজনীতিতে আসেন। যদিও ২০১০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মহিবুল হাসান তাঁর বাবা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে কাজ করে আলোচনায় আসেন।