চট্টগ্রামে আওয়ামী লীগের বিজয় র্যালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। গতকাল সোমবার বিকেলে লালদীঘি চত্বর থেকে বের হওয়া এ মিছিলের নাম দেওয়া হয় ‘গণতন্ত্র ও সংবিধান রক্ষার জয়যাত্রায় বিজয় র‌্যালি’।
মিছিলপূর্ব সমাবেশে নগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বিএনপিসহ ২০-দলীয় জোট। দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে তারা।
বিকেল তিনটায় লালদীঘি মাঠের পাশে রাস্তার ওপর একটি ট্রাকে মঞ্চ নির্মাণ করে মিছিলপূর্ব এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নগর আওয়ামী লীগ এ কর্মসূচির আয়োজন করে। নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে ঢোল, ব্যানার, ফেস্টুন এবং বাদ্যযন্ত্র নিয়ে মিছিলে যোগ দেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এসব ব্যানার, ফেস্টুনে নগর ও দেশের উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়।
সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সহসভাপতি খোরশেদ আলম, সহসভাপতি আলতাফ হোসেন, আইন সম্পাদক ইফতেখার সাইমুল, ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী প্রমুখ বক্তব্য দেন।
আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘খালেদা জিয়া নতুন করে ষড়যন্ত্র করছেন। দেশকে অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা করছেন তিনি।’
অন্য বক্তারা বলেন, ‘যতই অপচেষ্টা হোক, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। গণতন্ত্র ও সংবিধানকে সমুন্নত রাখতে কাজ করে যাবে আওয়ামী লীগ।’
সমাবেশ শেষে একটি মিছিল লালদীঘি মাঠ থেকে কোতোয়ালি মোড়, নিউ মার্কেট এবং শহীদ মিনার হয়ে আবার লালদীঘি মাঠে শেষ হয়। মিছিলটি এনায়েতবাজার মোড় হয়ে আন্দরকিল্লা দিয়ে যাওয়ার কথা ছিল। ওই সময় কাজীর দেউড়ি এলাকায় ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল। পুলিশের অনুরোধে মিছিলের যাত্রাপথ পরিবর্তন করা হয়।