চট্টগ্রামে আ.লীগের দূরত্ব নিরসনে রিভিউ কমিটি গঠন
তৃণমূলের সম্মেলন নিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগে সৃষ্ট দূরত্ব নিরসনে ঢাকায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বৈঠকটি আজ রোববার দুপুরে শেষ হয়েছে। তাতে ইতিমধ্যে সম্পন্ন হওয়া ইউনিট সম্মেলন এবং দলের সদস্যপদ পাওয়া না পাওয়া নিয়ে অভিযোগের বিষয় পর্যালোচনার জন্য ছয় সদস্যের একটি রিভিউ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ১৫ দিনের মধ্যে অভিযোগ যাচাই–বাছাই করে কেন্দ্রের কাছে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।
রাজধানীর ধানমন্ডিতে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আজ বেলা ১১টা থেকে ১.৩০ পর্যন্ত এই সভা হয়। সেখানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
সভার সিদ্ধান্ত অনুযায়ী রিভিউ কমিটি সাত দিনের মধ্যে নগরের ১৪ থানায় নগর কমিটির নেতাদের সমন্বয়ে একটি করে দল গঠন করবে। তারা থানা এবং ওয়ার্ডে সম্মেলন আদৌ সম্ভব কি না, সেটা খতিয়ে দেখবে। ইউনিট সম্মেলন নিয়ে নানা অভিযোগ বিষয়েও তারা প্রতিবেদন তৈরি করবে। যদি রিভিউ কমিটি ব্যর্থ হয় এবং থানাভিত্তিক কমিটি গঠন বিলম্ব হয়, সে ক্ষেত্রে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতারা বিষয়টি দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উত্থাপন করবেন। তখন সভানেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে বলে বৈঠকে উপস্থিত নেতারা একমত হয়েছেন।
সভায় প্রধান অতিথি ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ মোশাররফ হোসেন। সভায় যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ, অর্থ সম্পাদক ওয়াসেকা আয়শা খান, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি নঈমউদ্দিন চৌধুরী, খোরশেদ আলম, জহিরুল আলম দোভাষ ও আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী ও বদিউল আলম এবং সাংসদ এম এ লতিফ ছিলেন।
রিভিউ কমিটির প্রধান করা হয় চট্টগ্রাম সিটির মেয়র রেজাউল করিম চৌধুরীকে। অপর সদস্যরা হলেন নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দুই সহসভাপতি নঈমুদ্দিন আহমেদ ও জহিরুল আলম দোভাষ এবং উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
সভার সিদ্ধান্ত বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ বলেন, ‘আমরা খোলামেলা আলোচনা করে ঐক্যের পথ খুঁজেছি। সবাই আন্তরিকভাবে কথা বলে ছোটখাটো সমস্যা সমাধানের পথ রচনা করেছেন। মহানগর নেতাদের সমন্বয়ে ১৪টি থানার জন্য ১৪টি সাংগঠনিক টিম গঠিত হবে। সেই টিম তৃণমূলের সর্বস্তরের আলোচনা করে বিদ্যমান সমস্যাগুলো সমাধান করবেন, সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহের কাজ মনিটরিং করবেন এবং ওয়ার্ড ও থানা সম্মেলন আয়োজনের পরিবেশ গড়ে তুলবেন। কোথাও কোনো সমস্যার উদ্ভব হলে মহানগর নেতারা, প্রয়োজনে কেন্দ্রীয় নেতাদের অবহিত করবেন।
গত বছরের ১৬ নভেম্বর থেকে নগরের ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডে ইউনিট সম্মেলন শুরু করে নগর আওয়ামী লীগ। ইতিমধ্যে বেশির ভাগ ইউনিটের সম্মেলন শেষ হয়েছে। ইউনিটের পাশাপাশি গত বছরের ২৬ ডিসেম্বর থেকে ওয়ার্ড সম্মেলন শুরুর কথা ছিল।
কিন্তু ইউনিট সম্মেলন নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পর কেন্দ্র থেকে গত ২৩ ডিসেম্বর ওয়ার্ড সম্মেলন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। সম্মেলনকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগে পরস্পরবিরোধী দুটি ধারার বিরোধ আরও জোরালো হয়। দুটি ধারার একটির নেতৃত্বে মাহতাব উদ্দিন চৌধুরী ও আ জ ম নাছির উদ্দীন আছেন। আরেকটি ধারা প্রয়াত নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলয়ের। মহিউদ্দিনপুত্র মহিবুল হাসান চৌধুরী তাঁদের সঙ্গে আছেন। শেষের পক্ষটি কেন্দ্রে ইউনিট সম্মেলন নিয়ে লিখিত অভিযোগ দেন।