চট্টগ্রামে এরশাদের সভাকে কেন্দ্র করে জাপায় কোন্দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুসেইন মুহম্মদ এরশাদের লালদীঘি ময়দানের সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় জাতীয় পার্টির একটি পক্ষ সমাবেশ সফল করার জন্য ব্যাপক প্রচারণা চালাচ্ছে। অন্যপক্ষ সমাবেশ ব্যর্থ করতে লোকজনকে লালদীঘি ময়দানে না যেতে তাগাদা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ অবস্থার মধ্যে আগামীকাল বুধবার বিকেলে লালদীঘি ময়দানে সমাবেশ করার প্রস্তুতি চলছে।
চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও সাংসদ মাহজাবীন মোরশেদ লালদীঘি ময়দানের সমাবেশকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। তাঁর উদ্যোগেই বুধবারের সমাবেশ হবে। তাঁকে সহযোগিতা করছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু।
কালকের লালদীঘির সমাবেশ ব্যর্থ করতে জাতীয় পার্টির সাবেক সভাপতি সোলায়মান আলম শেঠ ভেতর থেকে কলকাঠি নাড়ছেন বলে মাহজাবীন-সমর্থিত নেতা-কর্মীদের অভিযোগ। দলীয় কর্মী-সমর্থকেরা যেন সমাবেশে যোগ না দেন সে জন্য শেঠ ভূমিকা রাখছেন। গত ১২ আগস্ট জাতীয় পার্টির মহানগর কমিটি ভেঙে দিয়ে শেঠকে বহিষ্কার করা হয়।
জিয়াউদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের চেয়ারম্যান (এরশাদ) অনেক দিন পরে চট্টগ্রামে আসছেন। আমরা বুধবার বিকেলে লালদীঘি ময়দানে বিশাল সমাবেশের আয়োজন করেছি। জ্বালাও-পোড়াও সংস্কৃতি থেকে বের হয়ে আমরা নতুন ধারার রাজনীতি চালু করতে চাই, যাতে দেশের বিরোধী দল হিসেবে আমরা সরকারের অপশাসন, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয়ের বিরুদ্ধে কথা বলব।’
সমাবেশ ব্যর্থ করার অপচেষ্টা প্রসঙ্গে জিয়াউদ্দিন আহম্মেদ আরও বলেন, ‘সোলায়মান শেঠ জাতীয় পার্টির কিছু নন। শৃঙ্খলা ভঙ্গের কারণে তিনি বহিষ্কৃত। এরশাদ সাহেবের সমাবেশে লাখো লোকের সমাবেশ ঘটবে বলে আমরা আশা করছি।’
মাহজাবীন মোরশেদের অনুসারীদের অভিযোগ, বুধবার লালদীঘি ময়দানের সমাবেশে না যেতে একটি অংশ কাজ করছে। বিশেষ করে শিল্পকারখানাগুলোতে শ্রমিকদের নিরুৎসাহিত করার অভিযোগ আনা হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন কারখানায় এরশাদের সমর্থক অনেক শ্রমিক রয়েছেন।
অভিযোগ প্রসঙ্গে জাতীয় পার্টির সাবেক সভাপতি সোলায়মান আলম বলেন, ‘সমাবেশে যেতে আমরা কাউকে বাধা দিচ্ছি না। তবে মাহজাবীনকে দিয়ে চট্টগ্রামের জাতীয় পার্টি চলবে না। বুধবার লালদীঘি ময়দানে তিনি শাড়ির আঁচল সামলাবেন, নাকি বক্তৃতা দেবেন?’
শেঠ আরও বলেন, ‘জাতীয় পার্টির ত্যাগী নেতা-কর্মীরা লালদীঘি ময়দানের সমাবেশে যাবেন না। যদি কেউ সমাবেশে যোগ দেন, তাহলে তাঁরা আওয়ামী লীগের নেতা-কর্মী ছাড়া আর কেউ নন। আমার কাছে মনে হচ্ছে, বুধবার আওয়ামী লীগের সমাবেশে আমাদের চেয়ারম্যান স্যারকে (এরশাদ) আনা হচ্ছে।’
জাতীয় পার্টির নগর কমিটির আহ্বায়ক ও সাংসদ মাহজাবীন মোরশেদ সাবেক সভাপতি শেঠের বক্তব্যকে বেসামাল ব্যক্তির মন্তব্য বলে উড়িয়ে দেন। তিনি বলেন, ‘শেঠ সাহেব জাতীয় পার্টির জন্য কী করেছেন? বরং তাঁর কারণেই জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা সংগঠন ছেড়ে চলে যান। আমি দায়িত্ব নেওয়ার পর পুরোনো নেতা-কর্মীরা আবার আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমাদের সংগঠন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এখন।’