চট্টগ্রামে কাদেরের বক্তব্য নিয়ে দলে প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্ষমতায় না থাকলে টাকাপয়সা নিয়ে পালাতে হবে’—নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া এই বক্তব্যে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে আওয়ামী লীগে। অনেক নেতার মত হচ্ছে, এ ধরনের বক্তব্য বিএনপির নেতারা দিয়ে থাকেন এবং দিতে পারেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে থেকে নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদেরের এমন বক্তব্য দেওয়া উচিত হয়নি।

গতকাল রোববার আওয়ামী লীগের পাঁচজন দায়িত্বশীল নেতার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তাঁরা বলেন, ওবায়দুল কাদেরের এই বক্তব্যের অর্থ হচ্ছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবাধে অবৈধভাবে টাকাপয়সা কামাচ্ছেন। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ অভিযোগ করে আসছে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির নেতারা ক্ষমতায় থেকে টাকাপয়সা লুটপাট করেছেন। এর বিচারও হচ্ছে। এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকারান্তরে নিজ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে একই অভিযোগ আনলেন। এর ফলে মানুষ একদিকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের লুটেরা ভাববেন। আর ক্ষমতার পরিবর্তন হলে তাঁরা বিপদে পড়বেন।

গত শনিবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে নেতা-কর্মীদের সতর্ক করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘ক্ষমতা বেশি দিন থাকে না। তাই ক্ষমতার অপব্যবহার করবেন না। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে টাকাপয়সা নিয়ে পালাতে হবে। সেটা কি ভাবেন না? এখন যে টাকাপয়সা রোজগার করছেন, এই টাকা নিয়ে তখন পালিয়ে বেড়াতে হবে।’

এই বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রথম আলোকে বলেন, তিনি এই বিষয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেছেন। নাসিম মনে করেন, প্রকাশ্যে কথা বলার সময় আরেকটু সতর্ক হওয়া উচিত।

দলের একজন দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, যে কথা বলার কথা বিএনপির নেতাদের, সেই কথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে দিয়েছেন। আরেকজন নেতা বলেন, এসব সতর্কবার্তা ব্যক্তিগতভাবে কাউকে ডেকে বলা যেতে পারে। রুদ্ধদ্বার বৈঠক হলেও বলা যায়। কিন্তু প্রকাশ্যে বলার কোনো যুক্তি নেই।