চট্টগ্রামে আজ শতাধিক দিন পর সরব হচ্ছে নাসিমন ভবন

>
  • সাড়ে ৩ মাসে বিএনপির কার্যালয় নাসিমন ভবনে কোনো সভা হয়নি
  • আজ বিকেলে সমাবেশ করবে বিএনপি

গত বছরের ২৭ অক্টোবর থেকে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১০৪ দিন। এই কদিনে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে কার্যত উন্মুক্ত কোনো সভা হয়নি। অবশেষে সাড়ে তিন মাসের নীরবতা ভেঙে আজ শনিবার বিকেলে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করতে যাচ্ছে চট্টগ্রাম নগর বিএনপি।

দলীয় সূত্র জানায়, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলটির নেতা-কর্মীদের মনোবল ভেঙে পড়ে। নির্বাচন উপলক্ষে সংগঠনটির শত শত নেতা-কর্মী গ্রেপ্তার হন। অনেকে আত্মগোপনে চলে যান। ফলে গত বছরের ২৭ অক্টোবরের পর নাসিমন ভবন চত্বরে দলীয় কর্মসূচি পালন হতে দেখা যায়নি। যদিও এর মধ্যে কেবল নগর যুবদল সম্প্রতি একটি সভা করেছে সেখানে। ওই সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দিন বক্তব্য দিয়েছিলেন।

দলীয় সূত্র জানায়, গত বছরের ২৭ অক্টোবর ঐক্যফ্রন্টের জনসভা অনুষ্ঠিত হয় নাসিমন ভবনসংলগ্ন নুর আহমেদ সড়কে। ওই দিন ঐক্যফ্রন্টের ড. কামাল হোসেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্টের বড় নেতারা উপস্থিত ছিলেন। এরপর নাসিমন ভবন চত্বর ও সংলগ্ন সড়কে কোনো জনসভা হয়নি।

দলীয় নেতারা জানান, এখনো নগরের হাজার দেড়েক নেতা-কর্মী কারাগারে আছেন। তাঁদের মধ্যে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম রয়েছেন। তিনি গত বছরের ২২ অক্টোবর গ্রেপ্তার হন। তাঁর সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। তিনি সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন গত বছরের ৭ নভেম্বর গ্রেপ্তার হয়েছিলেন রাজধানীর মুখ্য মহানগর হাকিম আদালতের চত্বর থেকে। তিনিও জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছেন। এই মুহূর্তে বিএনপির হাল ধরেছেন নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ান।

চট্টগ্রাম নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান প্রথম আলোকে বলেন, ‘খালেদা জিয়া এক বছর আগে কারাগারে যান। সরকার তাঁকে মুক্তি দিচ্ছে না। আমরা তাঁর মুক্তির জন্য সভা ডেকেছি।’

গত সপ্তাহে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্যরা চট্টগ্রাম সফর করেন। তাঁরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বৃহত্তর চট্টগ্রামের বিএনপির প্রার্থী এবং তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি জেনে যান। এর মধ্যেই আজ শনিবার বিকেলে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সভার ডাক দিয়েছে সংগঠনটি।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের অনেকে কারাগারে আছেন। তাঁরা কেমন আছেন এবং দলীয় নেতা কিংবা প্রার্থীরা তাঁদের খোঁজ নিচ্ছেন কি না এসব জানার জন্য শওকত মাহমুদের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা অনেকের সঙ্গে কথা বলেছেন। হামলা-মামলা এবং নির্যাতনে সংগঠনকে বিপর্যস্ত করার চেষ্টা চলছে। কিন্তু নেতা-কর্মীরা ঘুরে দাঁড়াতে শুরু করছেন।’