পুলিশের অভিযানের পর চট্টগ্রামে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা গা ঢাকা দিয়েছেন। বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনও আজ মঙ্গলবার খাঁ খাঁ করছিল।
এদিকে গতকাল সোমবারের ঘটনায় চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ৩৮৮ জনের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে। এ ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীসহ ৩০০ জন সোমবার গ্রেপ্তার হন। বাকি ৮৮ জন পলাতক রয়েছেন। আসামির তালিকায় অজ্ঞাত আরও অনেকে আছেন।
সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ৩৮৮ জনের বিরুদ্ধে অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা ও আহত করা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা, বোমাবাজিসহ সন্ত্রাস দমন অধ্যাদেশ ও বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা হয়েছে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম মামলাটি করেছেন।
সোমবার বিকেলে চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে নুর আহমদ সড়কে ২০-দলীয় জোটের সমাবেশ চলছিল। সমাবেশের ৪০০ গজ দূরে কাজীর দেউড়ি এলাকায় গণতন্ত্রের প্রতীকী কফিন বানিয়ে শিবিরের কর্মীরা মিছিল করছিলেন। সেখানে পুলিশের ওপর একটি ককটেল নিক্ষেপ করেছিলেন শিবিরের কর্মীরা। এরপর পুলিশ লাভ লেন প্রান্ত থেকে মুহুর্মুহু গুলি চালিয়ে সমাবেশ পণ্ড করে দেয়। সোমবার বিকেলের পরই পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীসহ ৩০০ জনকে গ্রেপ্তার করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচি পালনের প্রতিশ্রুতি দিয়েছিল ২০-দলীয় জোটের নেতারা। কিন্তু সমাবেশ শুরুর ঘণ্টা দুয়েক পর কাজীর দেউরি মোড়ে পুলিশের ওপর হামলা চালিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়। এ কারণে ৩৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।’
কোতোয়ালি থানার ওসি জানান, গত সোমবার রাতে মামলাটি নথিভুক্ত করা হয়। কিন্তু এজাহারনামীয় আসামি বাছাই করা নিয়ে পুলিশকে যথেষ্ট হিমশিম খেতে হয়েছে। এর মধ্যে পথচারী, হকার ও নিরীহ লোকজনও ছিল। নিরীহ লোকদের আজ মঙ্গলবার সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়েছে।
বিএনপি কার্যালয়
সোমবার সমাবেশ পণ্ড হওয়ার পর বিএনপির নেতা-কর্মীদের আজ মঙ্গলবার দলীয় কার্যালয় নাসিমন ভবনে দেখা যায়নি। এমনকি বিএনপির নেতা-কর্মীরা নিজ নিজ বাসাবাড়িতেও ছিলেন না। মামলা হওয়ার খবর প্রচার হলে দলীয় নেতা-কর্মীরা বাড়ি ছেড়ে গা ঢাকা দেন। আমীর খসরু মাহমুদ চৌধুরীও এই তালিকায় রয়েছেন। আজ তাঁর মোবাইল বন্ধ পাওয়া গেছে।
শহরে জামায়াতের নেতা-কর্মীদেরও দেখা মেলেনি।
নোমানের বিবৃতি
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘সরকার অনুমতি দিয়ে চট্টগ্রামে ২০-দলীয় জোটের শান্তিপূর্ণ সমাবেশে ফ্যাসিবাদী কায়দায় হামলা চালিয়েছে। শুধু হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি, আসলাম চৌধুরী-এনামুল হকসহ ৩০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এটা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।’
নোমান গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, ‘হামলা-নির্যাতন চালিয়ে ক্ষমতা পাকাপোক্ত করা যায় না। জনগণ জেগে উঠলে এই সরকার পালানোর পথও খুঁজে পাবে না।’