চট্টগ্রামে গ্যাস-সংকটের সুরাহা চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের হাতে গতকাল স্মারকলিপি তুলে দেন চট্টগ্রাম নগর বিএনপির নেতারা l প্রথম আলো
কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের হাতে গতকাল স্মারকলিপি তুলে দেন চট্টগ্রাম নগর বিএনপির নেতারা l প্রথম আলো

দ্রুত গ্যাস-সংকটের সুরাহা করা না হলে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম নগর বিএনপি। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গত শনিবার মানববন্ধন কর্মসূচি পালনের এক দিন পর গতকাল সোমবার সকালে নগরের ষোলশহরে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালককে স্মারকলিপি দিয়েছেন বিএনপির নেতারা।
চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে এ স্মারকলিপি দেওয়া হয়। এটি গ্রহণ করেন কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আইয়ুব খান চৌধুরী।
পরে কেজিডিসিএল কার্যালয়ের নিচে সাংবাদিকদের তিনি বলেন, চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না করে চট্টগ্রামের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে। সরকার বারবার গ্যাসের মূল্যবৃদ্ধি করেছে কিন্তু জনগণের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ দিতে পারছে না।
স্মারকলিপিতে বলা হয়, চট্টগ্রামে ৪৫০ থেকে ৫০০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে গ্যাস সরবরাহ করা হচ্ছে ২২০ মিলিয়ন ঘনফুট। পর্যাপ্ত পরিমাণ গ্যাস সরবরাহ না হওয়ার কারণে শিল্প খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদেশি ক্রেতাদের চাহিদা মোতাবেক পণ্য রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া বাসাবাড়ি, রেস্তোরাঁ এবং খাবারের দোকানগুলোতে গ্যাসের অভাবে রান্না করা যাচ্ছে না। সিএনজি ফিলিং স্টেশনগুলোও গ্যাসের অভাবে গাড়িতে গ্যাস সরবরাহ করতে পারছে না।
জরুরি ভিত্তিতে চট্টগ্রামে আরও ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করার দাবি জানানো হয় স্মারকলিপিতে। না হলে জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে হরতাল-অবরোধসহ লাগাতার কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। স্মারকলিপি দেওয়ার সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে ১০ দিন ধরে গ্যাস-সংকট চলছে। নগরের আসকারদিঘির পাড়, জামালখান, আন্দরকিল্লা ও আর নিজাম রোড, হালিশহর, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় এ সংকট প্রকট আকার ধারণ করেছে। নগরের সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও গ্যাসের চাপ কম রয়েছে।
আসকারদিঘির বাসিন্দা মইনুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে সকালে গ্যাস চলে যায়। রাতে আসে। বিকল্প ব্যবস্থায় রান্না করতে হচ্ছে।
নাম না প্রকাশের শর্তে কেজিডিসিএলের একজন মহাব্যবস্থাপক বলেন, শীতকালে গ্যাসের চাপ একটু কম থাকে। জাতীয় গ্রিড থেকে চট্টগ্রামে সরবরাহও কম আসছে। গতকাল চট্টগ্রামে ২৩৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। স্বাভাবিক সময়ে পাওয়া যেত ২৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস।