চট্টগ্রামে ছাত্রলীগের অনুষ্ঠানে হাতাহাতি চেয়ার ছোড়াছুড়ি
চট্টগ্রাম নগরে গতকাল সোমবার ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।
ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল চট্টগ্রামে শহীদ মিনার প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করে নগর ছাত্রলীগ। এতে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর ছাত্রলীগের নেতাদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন মহিউদ্দিন চৌধুরী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার দিকে মহিউদ্দিন চৌধুরী কেক কেটে গাড়িতে ওঠার পর ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এরপর শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। ছুড়ে মারা চেয়ার দুই সাংবাদিকের গায়েও এসে পড়ে। প্রায় ১০ মিনিট ধরে চেয়ার ছোড়াছুড়ি চলে। এ সময় এক তরুণের হাতে একটি ছুরি দেখা যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগে প্রধান অতিথির বক্তব্যের সময় মঞ্চের সামনে দর্শক সারিতে থাকা ছাত্রলীগের কয়েকজন কর্মী বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। মহিউদ্দিন চৌধুরীসহ ছাত্রলীগের নেতাদের হস্তক্ষেপে তাঁরা শান্ত হন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘প্রথমে এমইএস কলেজ ও সিটি কলেজের দুই কর্মীর মধ্যে সিনিয়রিটি-জুনিয়রিটি নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুটি পক্ষ হয়ে চেয়ার ছোড়াছুড়ি করে। ১০-১৫ মিনিটের মধ্যে ঘটনা শেষ হয়ে যায়।’
এ ব্যাপারে জানতে চাইলে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম বলেন, ‘অনুষ্ঠান শেষ হওয়ার পর কর্মী লেভেলের কয়েকজনের কারণে এ ঘটনা ঘটে। ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ একজনের হাতে ছুরি থাকার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘কারও হাতে এ ধরনের কিছু থাকলে ব্যবস্থা নেব।’