চট্টগ্রামে ছাত্রলীগের বিক্ষোভ কর্মসূচিতে প্রতিপক্ষের হামলা, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ডাকা বিক্ষোভ কর্মসূচিতে হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের কাপাসগোলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে তিনজন আহত হয়। এ সময় ছাত্রলীগের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

আহত তিনজন হলেন মনির হোসেন (১৮), মোহাম্মদ সাগর (২০) ও মোহাম্মদ সাইমুন (২৮)। সাগর পথচারী ছিলেন। বাকি দুজন নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিমের অনুসারী। তিনজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিমের বিরুদ্ধে করা দুটি মামলা প্রত্যাহারের দাবিতে নগর ছাত্রলীগের একাংশ শুক্রবার বিকেলে চট্টগ্রামের কাপাসগোলা এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করছিল। এতে স্থানীয় যুবলীগ কর্মী নুরুল মোস্তাফা ওরফে টিনুর লোকজন এবং আরও কিছু ব্যক্তি ইটপাটকেল ছুড়ে এবং লাঠিপেটা করে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। ফলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে গেলে তিনজন আহত হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এসএসআই) শিলব্রত বড়ুয়া প্রথম আলোকে বলেন, কাপাসগোলায় সংঘর্ষের ঘটনায় নুরুল আজিমের দুই অনুসারীসহ তিনজন আহত হয়। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিমের বিরুদ্ধে একজন অধ্যক্ষ এবং কোচিং সেন্টারের এক মালিক পৃথক দুটি চাঁদাবাজির মামলা করেন। দুজনকে চড় মেরে আলোচনায় আসেন নুরুল আজিম। এতে ছাত্রলীগ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।

শুক্রবারের সংঘর্ষের ঘটনার জন্য নগর ছাত্রলীগের সদস্য আবু সাঈদ চৌধুরী দায়ী করেছেন যুবলীগ কর্মী নুরুল মোস্তফার অনুসারীদের। তিনি অভিযোগ করে বলেন, নুরুল মোস্তফার অনুসারী বাপ্পা ও রিফাতের নেতৃত্বে সন্ত্রাসী হামলা হয়। হামলা চালাতে ছাত্রদলের ছেলেদেরও ব্যবহার করা হয়।

জানা গেছে, নুরুল মোস্তফা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের অনুসারী। সংঘর্ষের জন্য নুরুল আজিমের অনুসারীদের দায়ী করেন নুরুল মোস্তফা। তিনি প্রথম আলোকে বলেন, হঠাৎ কিছু ছেলে মন্ত্রী নুরুল ইসলামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। তখনই তাঁদের লাঠিপেটা করা হয়। তাঁরাও পাল্টা গুলি ছুড়লে পথচারী এক যুবক এবং আমাদের দুই ছেলে আহত হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, গুলিবর্ষণের অভিযোগ সত্য নয়। তবে বিক্ষোভ কর্মসূচি পালনের সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।