
রামপাল বিদ্যুৎ প্রকল্পের চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রামে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। গতকাল শনিবার বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছিলেন কমিটির সদস্যরা। এ সময় পুলিশ এসে ব্যানার কেড়ে নেয়। এ নিয়ে তর্কের একপর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, ধাক্কাধাক্কির একপর্যায়ে জাতীয় কমিটির দু-তিনজন সদস্যকে লাঠিপেটা করে পুলিশ। পরে প্রেসক্লাবের সামনে পুলিশের উপস্থিতিতে প্রতিবাদ সমাবেশ করে কমিটি।

এদিকে কর্মসূচিতে বাধা দেওয়ার কথা স্বীকার করলেও লাঠিপেটার কথা অস্বীকার করেছে পুলিশ। এ বিষয়ে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন সাংবাদিকদের বলেন, তাঁরা (কমিটির সদস্যরা) প্রেসক্লাবের সামনের রাস্তা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিলেন। এ কারণে তাঁদের রাস্তার এক পাশে সরে যেতে বলা হয়। কিন্তু পুলিশের আহ্বান উপেক্ষা করে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন কমিটির সদস্যরা। তখন একটু ধাক্কাধাক্কি হয়েছে। পুলিশ কাউকে লাঠিপেটা করেনি।
তবে জাতীয় কমিটির চট্টগ্রাম শাখার নির্বাহী সদস্য হাসান মারুফ সাংবাদিকদের বলেন, শনিবার রাজপথ ও রেলপথ অবরোধের কেন্দ্রীয় কর্মসূচি ছিল। এর অংশ হিসেবে তাঁরা প্রেসক্লাবের সামনে সমবেত হলে পুলিশ ব্যানার কেড়ে নিয়ে বলে, এখানে কর্মসূচি পালন করা যাবে না। বাধা পেয়ে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে। এতে কয়েকজন আহত হয়েছেন।