চট্টগ্রামে জামায়াতের নিরুত্তাপ হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিন চট্টগ্রামে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার নগরের কোথাও হরতাল-সমর্থকদের দেখা যায়নি। এমনকি জামায়াত-শিবির কোনো ঝটিকা মিছিলও বের করেনি। গতকাল ভোরে নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ অবস্থান নেয়।
গতকাল বেলা ১১টার দিকে খাস্তগীর স্কুলের বিপরীতে সড়কে পরিত্যক্ত একটি ককটেল উদ্ধার করে পুলিশ। আগের দিন বুধবার রাতে ওই এলাকায় দুর্বৃত্তরা ব্যাটারিচালিত রিকশাযোগে এসে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিত্যক্ত ককটেলটি বুধবার রাতে ছোড়া হয়েছে বলে পুলিশের ধারণা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বুধবার রাতে খাস্তগীর স্কুলের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরিত্যক্ত ককটেলটিও বুধবার রাতে ছোড়া হয়েছে। আমরা সেটি অকার্যকর করেছি।’
গতকাল হরতালের মধ্যে নগরের জিইসি মোড়, বাদামতলী ও ইপিজেড মোড়ে যানজটের সৃষ্টি হয়। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়িও চলাচল করেছে। চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা ও পরিবহন স্বাভাবিক ছিল। তবে দূরপাল্লার বাস চলেনি। সূচি মেনে ট্রেন চলেছে। দূরপাল্লার যাত্রীদের ভরসা ছিল ট্রেন। তাই চট্টগ্রাম স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে।
নাশকতা ঠেকাতে অলংকার, অক্সিজেন ও কর্ণফুলী সেতু এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেয় পুলিশ। সন্দেহভাজন গাড়িগুলোতে পুলিশ তল্লাশি চালায়। নিরাপত্তা জোরদার থাকায় স্বল্প ও দূরপাল্লার গাড়ি চলাচলে কোনো সমস্যা হয়নি।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, নগরের পরিস্থিতি স্বাভাবিক ছিল। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মিছিল-পিকেটিং না হওয়ায় আটক বা গ্রেপ্তার নেই।