চট্টগ্রামে ঢিলেঢালা অবরোধ-হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ঢিলেঢালাভাবে অবরোধ-হরতাল পালিত হচ্ছে। গতকাল মঙ্গলবার দু-একটি ককটেল বিস্ফোরণ ছাড়া নগরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও নগরে গণপরিবহন চলাচল ছিল স্বাভাবিক।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধের সঙ্গে গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৩৬ ঘণ্টার হরতালের ডাক দেয় চট্টগ্রাম নগর বিএনপি।
গতকাল দুপুরে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদে জনতা ব্যাংকের সামনে ও ডেবারপাড় এলাকায় একটি শিল্প কারখানার সীমানাদেয়ালের ভেতর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সকাল থেকে নগরের নূর আহমদ সড়কের নাসিমন ভবনের বিএনপির কার্যালয়ের সামনে দলের কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। কার্যালয়ের সামনে দিনভর ছিল পুলিশের অবস্থান।
নগরের বিভিন্ন সড়কে গণপরিবহন চলাচল ছিল স্বাভাবিক। রাস্তায় ব্যক্তিগত গাড়ি কম দেখা গেছে। কোথাও কোথাও যানজটও দেখা গেছে। গতকাল বেলা দেড়টার দিকে মুরাদপুর মোড়ে মিনিট দুয়েকের মতো যানজট ছিল।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার হাছান চৌধুরী জানান, নগরে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন ছিল। তিনি বলেন, হরতালে নগরের পরিস্থিতি ছিল স্বাভাবিক।
উপজেলাগুলোতেও অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে উল্লেখ করে অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাছান বলেন, হরতালে জেলার পরিস্থিতি স্বাভাবিক। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নাশকতার প্রস্তুতি নেওয়ার অভিযোগে ১১ জনকে আটক করেছে পুলিশ। সীতাকুণ্ড, সাতকানিয়া ও লোহাগাড়া থেকে আটক ১১ জনের মধ্যে দুজন বিএনপির, তিনজন জামায়াতের এবং ছয়জন শিবিরের কর্মী।