চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০-দলীয় জোটের ডাকা হরতাল চট্টগ্রামে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিনে গতকাল রোববার নগরে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গতকাল হরতালের সমর্থনে নগরে ২০-দলীয় জোটের কোনো নেতা-কর্মীকে পিকেটিং করতে দেখা যায়নি। এমনকি দলীয় কার্যালয় নাসিমন ভবনে দলের একজন সমর্থকও যাননি। সেখানে পুলিশ পাহারা জোরদার ছিল।
নগর ঘুরে দেখা যায়, গতকাল ব্যক্তিগত গাড়ি কম চলাচল করেছে। গণপরিবহন চলাচল মোটামুটি স্বাভাবিক ছিল। মহাসড়কে দূরপাল্লার গাড়ি চলাচল করতে দেখা যায়নি। তবে লোকাল বাস সীমিতভাবে চলেছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, নগরে পুলিশ ও বিজিবির টহল জোরদার ছিল। তিনপুল এলাকায় ককটেল ফাটানোর সময় শিবিরের এক কর্মী গণপিটুনির শিকার হয়েছে। এ ছাড়া আর কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।