চট্টগ্রামে তিন মাস পর দলীয় কার্যালয়ে আমীর খসরু
প্রায় তিন মাস পর নেতা-কর্মীদের নিয়ে গতকাল রোববার দলীয় কার্যালয় নাসিমন ভবনে যান চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। সেখানে তিনি নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকারকে বোতলবন্দী করে রেখেছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে জনগণের প্রতিবাদের কন্ঠ ব্যালটের মাধ্যমে প্রকাশ ঘটাতে হবে। নানা প্রতিকূলতার মধ্যেও আমরা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছি। কারণ জনগণ আমাদের সঙ্গে আছে।’
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, সরকার সারা দেশে বিরোধী দলের নেতা-কর্মীদের গুম ও হত্যার মাধ্যমে অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে। কিন্তু মানুষ গণ-আন্দোলনের মাধ্যমে সরকারের সেই স্বপ্ন সফল হতে দেবে না।
আমীর খসরু বলেন, সরকার প্রশাসননির্ভর হয়ে পড়েছে। শুধু প্রশাসনের ওপর ভর করে সরকার ক্ষমতা আঁকড়ে রাখার শেষ চেষ্টা করছে।
মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি সামশুল আলম ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রমুখ।