চট্টগ্রামে তিন সাংগঠনিক জেলায় আ.লীগের প্রতিনিধি সভা আহ্বান
জাতীয় নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম নগর এবং উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা ডেকেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এতে দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা এবং কেন্দ্রীয় নেতারা দিকনির্দেশনা দেবেন বলে জানা গেছে। প্রতিনিধি সভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দলীয় সূত্র জানায়, নগরের পাঁচলাইশ থানাধীন একটি কমিউনিটি সেন্টারে ২২ এপ্রিল উত্তর জেলা, ২৯ এপ্রিল নগর এবং ৬ মে দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও মহিবুল হাসান চৌধুরী উপস্থিত থাকবেন।
এনামুল হক শামীম গতকাল বুধবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সামনে নির্বাচন। এই মুহূর্তে দলের সাংগঠনিক শক্তি বাড়ানো প্রয়োজন। তাই দলকে গতিশীল ও ঐক্যবদ্ধ করতে প্রতিনিধি সভা ডাকা হয়েছে। চট্টগ্রামের তিনটি সাংগঠনিক জেলায় ভিন্ন সময়ে এসব প্রতিনিধি সভা হবে। কেন্দ্রীয় নেতারা সভায় উপস্থিত থেকে দিকনির্দেশনা দেবেন।
দলীয় সূত্র জানায়, নগর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় গৃহকর (হোল্ডিং ট্যাক্স) নিয়ে তৃণমূলের নেতারা আলোচনার সূত্রপাত করতে পারেন। বিষয়টি নিয়ে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন মুখোমুখি অবস্থান নিয়েছেন। প্রায় এক সপ্তাহ ধরে তাঁরা পাল্টাপাল্টি বিবৃতি, সমাবেশ ও সংবাদ সম্মেলন করে আসছেন।
এ বি এম মহিউদ্দিন চৌধুরী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্র থেকে প্রতিনিধি সভা ডাকা হয়েছে। জাতীয় নির্বাচনের আগে হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে আওয়ামী লীগকে অজনপ্রিয় করার চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। ২৯ এপ্রিল প্রতিনিধি সভায় বিষয়টি তুলব। আমার জীবন থাকতে এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কিশোর বয়স থেকে রাজনীতি করে আসছি। মানুষের মনোভাব বুঝি।’
মেয়র আ জ ম নাছির উদ্দীন এ প্রসঙ্গে বলেন, ‘আমার সঙ্গে আলোচনা করে প্রতিনিধি সভার তারিখ ঘোষণা করা হয়েছে। সেখানে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে।’ গৃহকর প্রসঙ্গে তিনি বলেন, আইনি কাঠামোর মধ্যে হোল্ডিং ট্যাক্স আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু ট্যাক্স নিয়ে মাঠে নামার কী আছে! এটা তো দলের জন্য শোভন নয়।
চট্টগ্রামের দুই নেতার মধ্যে বিরোধ প্রসঙ্গে এনামুল হক শামীম বলেন, ‘কাদা-ছোড়াছুড়ি করে লাভ নেই। মহিউদ্দিন চৌধুরী অত্যন্ত সম্মানিত এবং প্রবীণ রাজনীতিবিদ। তিনি দলের কান্ডারি। একইভাবে নাছির উদ্দীন দলের মেয়র। আওয়ামী লীগ বিভেদ নয়, ঐক্যের পক্ষে।’